Home » কাশ্মীরের পহেলগামে পর্যটকদের বেছে বেছে গুলি। জঙ্গি হানায় নিহত ২৫ জনের বেশি, জখম অনেকে

কাশ্মীরের পহেলগামে পর্যটকদের বেছে বেছে গুলি। জঙ্গি হানায় নিহত ২৫ জনের বেশি, জখম অনেকে

সময় কলকাতা ডেস্ক:- ভরা মরশুম। এই সময় গোটা দেশ এমনকী বিদেশ থেকেও প্রচুর পর্যটক পৌঁছয় জম্মু-কাশ্মীরে। মঙ্গলবার সেই কাশ্মীরকেই টার্গেট করেছিল জঙ্গিরা। পহেলগাঁওয়ে পর্যটকদের উপর পরপর গুলি চালায় তারা। ভয়াবহ সেই জঙ্গি হানায় নিহত ২৫ জনের বেশি, জখম অনেকে। এই নৃশংস হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি জঙ্গি সংগঠন। সেনা হেলিকপ্টারে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবার বাইসারান উপত্যকায় হঠাৎই গুলির শব্দ শোনা যায়। পাহাড়ি এই অঞ্চলে শুধু হেঁটে বা ঘোড়ায় চড়ে পৌঁছনো যায়। হামলার সময়ে জঙ্গিরা ক্যামোফ্লেজ পোশাকে ছিল বলে জানা গিয়েছে। হামলায় ৪০ রাউন্ডের বেশি গুলি চলেছে বলে খবর। এটি পরিকল্পিত হামলা বলেই মনে করছেন গোয়েন্দারা। পহেলগাঁওয়ের শান্তিপূর্ণ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এমন ভয়াবহ জঙ্গি হামলায় শোকস্তব্ধ গোটা দেশ। নিরাপত্তা বাহিনীর তরফে শুরু হয়েছে অভিযান। উপত্যকায় আরও জোরদার করা হয়েছে নজরদারি।

ঘটনার পরেই জরুরি নিরাপত্তা বৈঠক ডাকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লিতে তাঁর বাসভবনে ওই বৈঠকে উপস্থিত ছিলেন ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান তপন ডেকা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন, সিআরপিএফ প্রধান জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি নলিন প্রভাত সহ সেনার শীর্ষ আধিকারিকরা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশ নেন অনেকেই।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই হামলার তীব্র নিন্দা করে বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই আরও কঠোর হবে।

তিনি অমিত শাহকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সবরকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সৌদি আরব সফরে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তাঁর সফরে থাকাকালীনই জম্মু-কাশ্মীরে ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। এই খবর পাওয়া মাত্রই সৌদি সফর কাটছাঁট করে দেশে ফিরে আসেন। গোটা ঘটনার তীব্র নিন্দা করে, হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাফ জানিয়ে দেন, এই হামলার সঙ্গে যুক্ত কাউকে ছাড়া হবে না। মঙ্গলবারই দ্রুত শ্রীনগর পৌঁছে উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

তদন্তকারীদের নজরে রয়েছে হামলার সময় এবং স্থান। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও এই হামলায় ক্ষোভ উগরে বলেন, পর্যটকদের উপর এই হামলা কাপুরুষের মতো কাজ। এই হামলাকারী অপরাধীরা পশু, অমানবিক। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই হামলাকে কাপুরুষোচিত এবং নিন্দনীয় বলে মন্তব্য করেছেন।

ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে, যখন উপত্যকায় পর্যটন মরশুম তুঙ্গে এবং দেশজুড়ে চলছে অমরনাথ যাত্রার জন্য নাম নথিভুক্তির কাজ। নিরীহ পর্যটকের রক্তের দাগ লেগে লস্করের ছায়া দানব দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের জেহাদিদের হাতে। ইতিমধ্যে হামলার দায় স্বীকার করেছে তারা। দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে, টানা সাতদিন ধরে রেইকি চালিয়ে আঁটঘাট বেঁধে মঙ্গলবার দুপুরে ‘রিসর্ট জেহাদ’ চালায় ছায়া দানবরা। এই নৃশংস হামলায় একদিকে যেমন নজরে এসেছে একের পর এক মৃতহেদ উদ্ধারের কাজ, অন্যদিকে, জম্মু, শ্রীনগেরর রাস্তায় শোক জানাতে চলে মোমবাতি মিছিল।

 

About Post Author