Home » যুদ্ধের আবহে বিধানসভার বাড়ানো হল নিরাপত্তা, বাতিল কর্মীদের সব ছুটি, জানান স্পিকার

যুদ্ধের আবহে বিধানসভার বাড়ানো হল নিরাপত্তা, বাতিল কর্মীদের সব ছুটি, জানান স্পিকার

সময় কলকাতা ডেস্ক:- কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যুর বদলা হিসেবে মঙ্গলবার মধ্যরাতে অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনাবাহিনী। ‘অপারেশন সিঁদুরে’র পাল্টা হিসেবে এরপর থেকেই প্রত্যাঘাতের পথে হেঁটেছে পাকিস্তানও। বৃহস্পতিবার রাতে জম্মু-কাশ্মীরের বিভিন্ন অংশে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করে পাকিস্তান। টার্গেট করা হয়েছিল জম্মু শহর ছাড়াও আরএস পুরা, আরনিয়া, সাম্বা এবং হীরানগর অঞ্চলকে। তবে ভারতের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সমস্ত ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত হয়। সব মিলিয়ে মঙ্গলের রাত থেকেই সীমান্তে যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ বিধানসভার নিরাপত্তা বাড়ানো হল। একই সঙ্গে পরিবর্তিত পরিস্থিতিতে বিধানসভার সব কর্মীর ছুটি বাতিলের বিজ্ঞপ্তিও জারি করা হল। শুক্রবার একথা জানান বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি তিনি জানান, অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রত্যাঘাতের প্রভাব হয়তো বাংলা পর্যন্ত আসবে না। তবু নিরাপত্তায় কোনও ফাঁকফোকর রাখতে চায় না। পরিস্থিতি বিশেষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাই নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি কর্মীদের ছুটিও বাতিল করা হল।

যুদ্ধের আবহে আগেই রাজ্যের সব সরকারি দফতরের ছুটি বাতিল করেছে নবান্ন। গত বুধবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে সেকথা জানান মুখ্যমন্ত্রী।

এবার বিধানসভার কর্মীদের ছুটিও বাতিল করা হল। তবে এ ব্যাপারে আতঙ্কিত না হওয়ার জন্য আগেই রাজ্যবাসীর উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। রাজ্যের তরফে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।

About Post Author