Home » দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকে মোদি, বৈঠকে ডোভাল-রাজনাথ, ছিলেন শীর্ষ গোয়েন্দা আধিকারিকও

দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকে মোদি, বৈঠকে ডোভাল-রাজনাথ, ছিলেন শীর্ষ গোয়েন্দা আধিকারিকও

সময় কলকাতা ডেস্ক:- জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারতের পাল্টা জবাবে উত্তপ্ত হয়ে ওঠে ভারত-পাক সীমান্ত। চারদিন গুলি গোলা চলার পর শনিবার দুই দেশ সংঘর্ষ বিরতিতে রাজি হয়। এই পরিস্থিতিতে সোমবার দু’দেশের সেনা প্রধানদের মধ্যে বৈঠক। তার ঠিক কয়েক ঘণ্টা আগে দিল্লিতে নিজের বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধানরা। ছিলেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল, বিদেশ সচিব বিক্রম মিশ্রি, গোয়েন্দা ব্যুরোর প্রধান তপন ডেকা এবং রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং-এর প্রধান রবি সিনহাও।

জানা গিয়েছে, বৈঠকে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে কথা হয়েছে। সূত্রের খবর, বৈঠকে রবিবার সীমান্ত এলাকায় শান্ত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে বিশদে জানান সেনাপ্রধানরা। এই মুহূর্তের পরিস্থিতি সম্পর্কেও অবগত করেন। ১০ মে, শনিবার সংঘর্ষবিরতি ঘোষণার কয়েকঘণ্টা পরই যে পাকিস্তান তা ভেঙে সীমান্তে হামলা চালিয়েছে, সেই প্রসঙ্গ তোলা হতে পারে। বৈঠকের মূল কারণ ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ঘটে যাওয়া জঙ্গি হামলা, যেখানে প্রাণ হারান ২৬ জন।

তদন্তে উঠে আসে সীমান্ত পেরিয়ে জঙ্গিরা এদেশে ঢুকে হামলার ছক কষে। পরিকল্পনা মাফিক খুন করা হয় নিরীহ ২৬ জনকে। তারপর সিন্ধু জলচুক্তি স্থগিত করে দিলে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালাতে শুরু করে পাক সেনা। ৭ মে অপারেশন সিঁদুরের মাধ্যমে মাঝরাতে পাকিস্তানে ঢুকে যোগ্য জবাব দিয়ে আসে ভারতীয় সেনা। গুঁড়িয়ে দেওয়া হয় ৯ জঙ্গি ঘাঁটি। তারপর থেকে টানা চারদিন গোলা গুলি চলতে থাকে। অবশেষে শনিবার পরিস্থিতি ঠান্ডা হতে শুরু করে। একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সোমবার দুই দেশের সেনা প্রধানদের বৈঠক। তবে সেই বৈঠকের আগেই প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়।

About Post Author