Home » বিহারের ভোটার তালিকায় আজব কাণ্ড! তালিকায় বাংলাদেশ, নেপাল, মায়ানমারের বাসিন্দাদের নাম!

বিহারের ভোটার তালিকায় আজব কাণ্ড! তালিকায় বাংলাদেশ, নেপাল, মায়ানমারের বাসিন্দাদের নাম!

সময় কলকাতা ডেস্ক:- চলতি বছরের অক্টোবর-নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে সেখানকার ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধন করতে উদ্যোগী হয়েছে কমিশন। আর সেই কাজ করতে গিয়েই ঘটল আজব কাণ্ড। বিহারের ভোটার তালিকায় বাংলাদেশ-সহ তিন পড়শি দেশের নাগরিকের খোঁজ পেল কমিশন! ঠিক এই আশঙ্কাই করেছিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, বিহারের ভোটার তালিকায় সংশোধন করতে গিয়ে, তালিকায় নেপাল, বাংলাদেশ ও মায়ানমারের বাসিন্দাদের হদিশ পাওয়া গিয়েছে।

নির্বাচন কমিশনের বিহারের ভোটার তালিকা সংশোধনীর সিদ্ধান্ত নিয়ে বিস্তর বিতর্ক হচ্ছে। সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে মামলা। এসবের মাঝেই নির্বাচন কমিশন নিবিড় সংশোধনী শুরু করতেই উঠে এল অবৈধ ভোটারদের নাম।

জানা গিয়েছে, একাধিক বাংলাদেশি, নেপালি ও মায়ানমারের বাসিন্দাদের নাম পাওয়া গিয়েছে। এদের কাছে আধার কার্ড, রেশন কার্ড ও ডোমিসাইল সার্টিফিকেট পাওয়া গিয়েছে। প্রতিটি নথিই বেআইনিভাবে বানানো হয়েছে বলে সূত্রের খবর।

কমিশনের আধিকারিকরা জানিয়েছেন, যথাযথ তদন্তের পর তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর বিহারের ভোটার তালিকার চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। গত ২৫ জুন থেকে বিহারে ভোটার তালিকায় নিবিড় সংশোধনী শুরু হয়েছে। ২৬ জুলাই পর্যন্ত ভোটার তালিকা সংশোধনী চলবে। এরপর ১ আগস্ট প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। মোট ৭.৮ কোটি ভোটারের বৈধতা যাচাই করা হবে।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বৈধ ভোটার প্রমাণ করতে পরিচয়পত্র দেখাতে হবে। এক্ষেত্রে আধার কার্ড বা রেশন কার্ড দেখালে হবে না। জন্ম শংসাপত্র দেখাতে হবে। এই নিয়মকে চ্যালেঞ্জ করে তৃণমূল কংগ্রেস, আরজেডি, এনসিপি সহ একাধিক দল মামলা করেছে। এসবের মাঝেই গত ১০ জুলাই এই রিভিশন প্রক্রিয়া নিয়ে একাধিক মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়, আধার, এপিক এবং রেশন কার্ডও যেন পরিচয় প্রমাণ হিসেবে গ্রহণ করা হয়। এই মামলার পরবর্তী শুনানি হবে ২৮ জুলাই। ঠিক তার আগেই প্রকাশ পাবে খসড়া তালিকা। শনিবার কমিশন জানায়, ভোটারদের কাছে ১০০% ফর্ম বিতরণ শেষ হয়েছে এবং ৮০.১১% ফর্ম ইতিমধ্যেই জমা পড়েছে। অর্থাৎ, বিহারের প্রতি পাঁচ জন ভোটারের মধ্যে চারজনই ফর্ম জমা দিয়েছেন।

এই কাজের তদারকিতে রয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। ময়দানে সক্রিয় ৩৮ জন জেলাশাসক, ২৪৩টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন আধিকারিক এবং ৯৬৩ জন সহ-নিবন্ধন আধিকারিক ঘরে ঘরে তথ্য যাচাইয়ের কাজ করছেন। এসবের মাঝেই এবার বিহারের ভোটার তালিকায় বাংলাদেশ, নেপাল, মায়ানমারের বাসিন্দাদের নাম! এই আশঙ্কাই করেছিল নির্বাচন কমিশন। সংখ্যাটা সঠিকভাবে জানানো না হলেও সেটা চমকে দেওয়ার মতো।

সূত্রের খবর, এই ধরনের ভোটারদের নাম আগামী সেপ্টেম্বরে প্রকাশিত হতে চলে ভোটার তালিকায় রাখা হবে না। ওই ভোটার তালিকায় শুধু ভারতীয়দের নাম থাকবে। সেটাই স্পেশাল ইনটেনসিভ রিভিশনের উদ্দেশ্য।

About Post Author