Home » ‘কেউ আটকাতে পারবে না’, গেট টপকে শহিদদের শ্রদ্ধা জানালেন ওমর আবদুল্লা; কাশ্মীর পুলিশের ভূমিকায় অবাক মমতা

‘কেউ আটকাতে পারবে না’, গেট টপকে শহিদদের শ্রদ্ধা জানালেন ওমর আবদুল্লা; কাশ্মীর পুলিশের ভূমিকায় অবাক মমতা

সময় কলকাতা ডেস্ক:- গৃহবন্দি করা হয়েছে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে। এই অভিযোগ আগেই তুলেছিলেন। এসবের মাঝেই সোমবার শহিদ দিবস উপলক্ষে জম্মু-কাশ্মীরে রাজনীতি তুঙ্গে। ১৩ জুলাই ১৯৩১-এ ডোগরা শাসক হরি সিংহের বাহিনীর গুলিতে নিহত ২২ জন কাশ্মীরিকে শ্রদ্ধা জানাতে আচমকাই ‘মাজার-এ-শুহাদা’ পৌঁছে যান মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। পুলিশের বাধা উপেক্ষা করে গাড়ি থামিয়ে দেয়াল টপকে তিনি কবরস্থানে ঢোকেন এবং শহিদদের উদ্দেশে ফাতেহা পাঠ করেন। ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু ও কাশ্মীর রাজ্যের বিভাজন ঘটিয়ে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন তথা ৩৭০ অনুচ্ছেদ রদের পর নরেন্দ্র মোদি সরকার ‘শহিদ দিবসে’র ছুটি বাতিল করেছিল। এবার নির্দিষ্ট দিনটির আগেই উপত্যকার লেফ্টেন্যান্ট গভার্নরের তরফে জানানো হয়েছিল, ‘শহিদ দিবস’ পালন করা যাবে না। ‘শহিদদের’ কবরস্থান মাজার-ই-শুহাদায় প্রবেশেও নিষেধাজ্ঞা জারি হয়। কবরস্থানে যাওয়ার অনুমতি পাননি ওমর এবং বিরোধী নেতারা। গৃহবন্দি করে রাখা হয়েছিল তাঁদের। দিল্লি থেকে ফেরার পর ওমর বলেছিলেন, ‘ঘরে তালা মেরে রাখা হয়েছে।

সোমবার দেখা গেল চুপিচুপি বেরিয়ে পড়েন ওমর। কবরস্থানে শ্রদ্ধা জানানোর পর সংবাদমাধ্যমকে বলেন, এটা নাকি স্বাধীন দেশ! তাহলে কীভাবে আটকানো হয়? আইন কী বলে? এই প্রশ্ন তুলে নিরাপত্তা বাহিনীর দিকেই তির ছুড়েছেন তিনি।

এদিকে গোটা ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ওমর আবদুল্লার পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকার তীব্র নিন্দা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, কেউ যদি শহিদদের শ্রদ্ধা জানাতে যান তাতে সমস্যা কোথায়? এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নাগরিকদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার সামিল। সোমবার নির্বাচিত মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে যে দুর্ব্যবহার করা হয়েছে তা মেনে নেওয়া যায় না। অত্যন্ত লজ্জাজনক। ২০১৯ সালের পর জম্মু-কাশ্মীরের রাজনৈতিক ও প্রশাসনিক চরিত্র আমূল বদলে গিয়েছে। শহিদদের স্মরণে সরকারি অনুষ্ঠান বন্ধ, রাজ্যের নেতাদের গৃহবন্দি করা— এই পরিবর্তন ঘিরে উপত্যকায় চাপা ক্ষোভ দানা বাঁধছে।

About Post Author