সময় কলকাতা ডেস্ক:- আবগারি দুর্নীতি ও আর্থিক তছরুপ মামলায় গ্রেফতার ছত্তিশগরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলের ছেলে চৈতন্য বাঘেল। এই মামলায় শুক্রবার তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি। এরপরই গ্রেফতার করা হয় তাঁকে। এই গ্রেফতারির ঘটনায় স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে। গোটা ঘটনায় মোদি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন ভুপেশ। ঘটনাচক্রে শুক্রবারই জন্মদিন ছিল চৈতন্যের।
ছত্তিশগড়ে মহাদেব বেটিং অ্যাপ ও আবগারি দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী। গত ১০ মার্চ এই মামলার তদন্তে নেমে ভিলাইয়ে ভুপেশ ও তাঁর ছেলে চৈতন্যের বাড়িতে হানা দেন তদন্তকারী আধিকারিকরা।
এর আগেও এই মামলায় ছত্তিশগড়ের বেশ কয়েকজন সরকারি আধিকারিক ও ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ইডি। এবার আবগারি দুর্নীতিতে যুক্ত থাকা এবং আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে ভুপেশের ছেলের বিরুদ্ধে। ছত্তিশগড়ের দুর্গ জেলার ভিলাই শহরে তাঁদের বাড়ি। আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে সেই বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা।
জানা গিয়েছে, আর্থিত তছরুপ বিরোধী আইনের ১৯ নম্বর ধারায় চৈতন্যকে গ্রেফতার করেছে ইডি। অভিযোগ, বাড়িতে তল্লাশির সময়ে তিনি ইডি আধিকারিকদের সঙ্গে সহযোগিতা করছিলেন না।
তদন্তকারীদের দাবি, ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে আবগারি ক্ষেত্রে ২১০০ কোটি টাকারও বেশি অর্থ নয়ছয় হয়েছে। এবং সেই টাকা আবগারি চক্রের সুবিধাভোগীদের নিজেদের পকেটে ভরেছেন। এই দুর্নীতির সঙ্গে রাজ্যের অন্যান্য নেতা, সরকারি কর্মীদের পাশাপাশি ভুপেশ ও তাঁর ছেলেও যুক্ত রয়েছেন বলে সন্দেহ ছিল ইডি আধিকারিকদের।


More Stories
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ!