Home » আগস্টে বসতে পারে বিশেষ অধিবেশন! বাংলা ভাষার ওপর বিজেপির আক্রমণ! আলোচনা চায় শাসকদল তৃণমূল

আগস্টে বসতে পারে বিশেষ অধিবেশন! বাংলা ভাষার ওপর বিজেপির আক্রমণ! আলোচনা চায় শাসকদল তৃণমূল

সময় কলকাতা ডেস্ক:- গত মাসেই বিধানসভা থেকে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলেছিলেন, বাংলা ভাষায় কথা বললেই কি অপরাধ? তাহলে বলে দেওয়া হোক, বাংলা ভাষা নিষিদ্ধ। বাংলার শাসকদলের অভিযোগ, বারবার কেন্দ্র এবং সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের চিঠি দেওয়ার পরও কোনও ব্যবস্থা নেয়নি বিজেপি। উলটে যারা এই অপরাধ করছে, তাদের মদত দিচ্ছে বিজেপি-শাসিত সরকার। এটা সরাসরি বাংলা ভাষা ও বাঙালির অপমান। তারই প্রতিবাদে এবার পথেও নামে তৃণমূল। বুধবার ধর্মতলার সমাবেশ থেকে ক্ষোভ উগরে দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এসবের মাঝেই সূত্র বলছে, বাংলা ভাষার উপর আক্রমণ নিয়ে আগস্ট মাসে বসতে পারে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন। বিজেপিশাসিত রাজ্যগুলিতে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ওপর লাগাতার আক্রমণ তথা নির্যাতনের বিরুদ্ধে এবং বাংলা ভাষায় কথা বললেই ‘বাংলাদেশি’ বলে অভিযুক্ত করার বিরুদ্ধে প্রস্তাব এনে আলোচনা করা হবে। এই বিষয়ে বিধানসভার তৃণমূল পরিষদীয় দলের সঙ্গে পরিষদীয় দফতরের একপ্রস্ত আলোচনা হয়েছে।

তবে, এ বিষয়ে এখনই চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি বলেই জানা গিয়েছে। সোমবার, ২১ জুলাই তৃণমূলের মহাসমাবেশ ছিল। সেই সমাবেশেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন, বাংলা ভাষার উপর ‘আক্রমণ’ নিয়ে তাঁরা কেন্দ্রীয় সরকার তথা বিজেপির বিরুদ্ধে ‘প্রতি-আক্রমণে’ যাবেন। এমনকী, সংসদেও তাদের ভূমিকা পালন করবে তৃণমূল।

জানা গিয়েছে, কেন্দ্রীয় স্তরের পাশাপাশি যাতেও রাজ্যের ‘প্রতি আক্রমণাত্মক’ ভূমিকা নেওয়া যায়, তা নিশ্চিত করতেই রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন ডাকার কথা ভাবা হচ্ছে। সূত্রের খবর, ৮ থেকে ২১ আগস্টের মধ্যে বিধানসভায় বিশেষ অধিবেশন বসতে পারে। সেই অধিবেশনে যেমন বাংলাভাষা এবং পরিযায়ী শ্রমিকদের বিষয়ে আলোচনা হবে, তেমনই পেশ করা হবে চারটি বিলও।

বিলগুলির বিষয়ে পরিষদীয় দফতর আপাতত আলোচনা করছে আইন দফতরের সঙ্গে। বিল সংক্রান্ত বিষয়টি চূড়ান্ত হয়ে গেলে আনুষ্ঠানিক ভাবে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে বিশেষ অধিবেশন বসানোর আবেদন করা হবে। এর আগেও নানা বিষয়ে বিশেষ অধিবেশন বসিয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা। গত বছর আরজি কর হাসপাতালে যুবতী চিকিৎসকককে ধর্ষণ করে খুনের ঘটনার পরে ‘অপরাজিতা বিল’ পাস করাতে বিশেষ অধিবেশন বসেছিল আগস্ট মাসেই।

এ বার বিশেষ অধিবেশনের কথা ভাবা হচ্ছে বাংলাভাষা ও বাঙালির ওপর বিজেপির ‘আক্রমণের’ প্রেক্ষিতে। বিষয়টি নিয়ে সংসদেও সরব হতে চলেছেন তৃণমূল সাংসদরা। ২১ জুলাইয়ের সমাবেশ থেকে মমতা এবং অভিষেক ওই রণনীতির কথা জানিয়েও দিয়েছেন।

তবে, বিধানসভায় কোন কৌশলে তৃণমূল বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাবে, তা নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি। ২৭ জুলাই, রবিবার ‘নানুর দিবস’ পালন দিয়ে শুরু করে প্রতি সপ্তাহের শনি ও রবিবার বাংলা ভাষার পক্ষে এবং বিজেপির বিরুদ্ধে আন্দোলনের নির্দেশ দেন মমতা।

তবে, বঙ্গ বিজেপিও ওই বিষয়ে রাজ্যের শাসকদলকে ছেড়ে কথা বলতে চাইছে না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এবিষয়ে ওনার না কথা বলাই ভালো।

বিজেপিশাসিত দিল্লি, মহারাষ্ট্র-সহ একাধিক বিজেপিশাসিত রাজ্যে বাংলাদেশি সন্দেহে বাংলার একাধিক পরিযায়ী শ্রমিককে গ্রেফতার করে অত্যাচার করার অভিযোগ উঠেছে। বাংলাদেশে পুশব্যাক করার অভিযোগও উঠেছে। সেসব ঘটনার প্রতিবাদে নেমেছে তৃণমূল। এবার জানা গেল, আগস্ট মাসে বসতে পারে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন। বাংলা ভাষার ওপর বিজেপির আক্রমণ! আলোচনা চায় তৃণমূল।

About Post Author