Home » ‘এক দিন সময় দিয়েছিলেন, মোদি ৫ ঘণ্টাতেই…’, ভারত-পাক ইস্যুতে ট্রাম্পের পাশে রাহুল গান্ধি

‘এক দিন সময় দিয়েছিলেন, মোদি ৫ ঘণ্টাতেই…’, ভারত-পাক ইস্যুতে ট্রাম্পের পাশে রাহুল গান্ধি

সময় কলকাতা ডেস্ক:- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের দাবি করেছেন, পাকিস্তানের সঙ্গে সংঘাত প্রশমনে সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি চাপ দিয়েছিলেন। শুধু তাই নয়, যুদ্ধ থামানোর জন্য ২৪ ঘণ্টা নাকি সময়ও দিয়েছিলেন।

কংগ্রেস নেতা রাহুল গান্ধি এই দাবিকেই সত্যি বলে মনে করেন। মধ্যপ্রদেশের মুজফ্ফরপুরে নির্বাচনী জনসভা থেকে এই বিষয়েই মন্তব্য করে মোদিকে কড়া আক্রমণ করেন রাহুল গান্ধি। লোকসভার বিরোধী দলনেতার অভিযোগ, মোদি এই চাপের কাছে নতি স্বীকার করেছিলেন।

যদিও ভারতের সরকারি অবস্থান একেবারেই আলাদা। দিল্লি আগেও যা বলেছে, এখনও তাই বলছে – পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছিল দুই দেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন্স-র সরাসরি আলোচনার মাধ্যমে। কোনও বিদেশি শক্তির মধ্যস্থতা হয়নি।

কিন্তু রাহুল গান্ধির দাবি, মোদি এই চাপের কাছে নতি স্বীকার করেছিলেন। মোদিকে নিশানা করে কার্যত ট্রাম্পের পুতুল হিসেবে বোঝাতে চাইলেন।

কিন্তু ট্রাম্পের দাবি এবং রাহুলের বক্তব্যের জেরে ভারতের কূটনৈতিক সিদ্ধান্তে মার্কিন প্রভাব কতটা কাজ করেছে সেই নিয়ে প্রশ্ন উঠছে। বিরোধীদের মতে, এই দাবি যদি সত্যি হয় তবে দেশের নিরাপত্তা ও কূটনৈতিক পদক্ষেপে বিদেশি রাষ্ট্রনেতার ইশারায় সিদ্ধান্ত বদল গণতান্ত্রিক ভারতের মর্যাদাকে খাটো করে। তবে রাহুল গান্ধির মন্তব্য নিয়ে দেশের রাজনীতিতেও শোরগোল পড়েছে।

About Post Author