Home » রাজ্যে শীঘ্রই চালু হচ্ছে এসএইআর? ‘দ্রুত ইআরও-এইআরও নিয়োগ করুন’, এসএইআর আবহে রাজ্যকে চিঠি সিইও-র!

রাজ্যে শীঘ্রই চালু হচ্ছে এসএইআর? ‘দ্রুত ইআরও-এইআরও নিয়োগ করুন’, এসএইআর আবহে রাজ্যকে চিঠি সিইও-র!

সময় কলকাতা ডেস্ক:- রাজ্যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন শুরুর আনুষ্ঠানিক ঘোষণা এখনও করেনি জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু, এই নিয়ে প্রস্তুত থাকতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে বার্তা পাঠিয়েছে।

এই পরিস্থিতিতে ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার নিয়োগ নিয়ে মুখ্যসচিবকে চিঠি দিলেন রাজ্যের সিইও মনোজ কুমার আগরওয়াল।

দ্রুত ইআরও এবং এইআরও নিয়োগের জন্য পদক্ষেপের অনুরোধ করলেন চিঠিতে। বুধবার সকালেই নবান্ন থেকে জেলা শাসকদের সঙ্গে একঘণ্টারও বেশি সময় ধরে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব মনোজ পন্থ।

সূত্রের খবর, ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাসহ একাধিক কারণে দীর্ঘদিন ধরে আটকে ছিল এই নিয়োগ প্রক্রিয়া। ফলে গোটা রাজ্যে এখনও প্রায় ৬১২টি পদ ফাঁকা। অথচ ভোটের নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইআরও-এইআরওদের উপস্থিতি। এক জন ইআরও’র অধীনে সাধারণত ৭ থেকে ১০ জন এইআরও নিযুক্ত থাকেন। হিসেবমতো প্রয়োজন তিন হাজারেরও বেশি এইআরও। বিকল্প ব্যবস্থার ভাবনাতেও পিছিয়ে নেই প্রশাসন।

জানা গিয়েছে, ব্লকের এক্সটেনশন অফিসার বা সমপদস্থ আধিকারিকদের সাময়িকভাবে এইআরও-র দায়িত্ব দেওয়ার ভাবনা রয়েছে। তবে এর জন্য নির্বাচন কমিশনের অনুমোদন অনিবার্য। সেই কারণেই বাড়তি সতর্কতায় জেলাশাসকদের কাছে চিঠি পাঠিয়েছে নবান্ন।

বিধানসভা ভিত্তিক ইআরও এবং এইআরও নিয়োগ করার জন্য জাতীয় নির্বাচন কমিশন বারবার বলছে। কিছুদিন আগেই ফের সিইও অফিসে চিঠি দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। ইআরও, এইআরও-সহ শূন্যপদ পূরণ নিয়ে কার্যকরী রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৯ আগস্ট বিকেল পাঁচটার মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।

জানা গিয়েছে, এখনও পর্যন্ত ইআরও পদে ১৫ থেকে ১৬টি জায়গায় নিয়োগ বাকি রয়েছে। আর এইআরও পদগুলিতে প্রায় ৫০০টিরও বেশি নিয়োগ বাকি রয়েছে। সেই পদগুলিতে দ্রুত নিয়োগ করার জন্য মুখ্যসচিব মনোজ পন্থকে বুধবার চিঠি দেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। আসলে বিহারে SIR হওয়ার পরই বাংলায় ভোটার তালিকা সংশোধন নিয়ে জল্পনা শুরু হয়।

সূত্রের খবর, দেশের সর্বত্র এসআইআর শুরু না হলেও দেশের পাঁচ রাজ্যে আগে শুরু হবে এসআইআর। আর সেই তালিকায় আছে বাংলা।

জানা গিয়েছে, যে সব রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেখানেই আগে এসআইআর হবে। ২০২৬-এ পাঁচটি রাজ্যে বিধানসভা ভোট হওয়ার কথা। তার মধ্যে রয়েছে তামিলনাড়ু, কেরল, পুদুচেরী, অসম ও পশ্চিমবঙ্গ।

সুতরাং বাংলার এসআইআর হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এই জল্পনার মাঝেই ইআরও ও এইআরও নিয়োগ নিয়ে মুখ্যসচিবকে চিঠি দিলেন রাজ্যের সিইও মনোজ কুমার আগরওয়াল। লোকসভা ভোটের তুলনায় বিধানসভা নির্বাচনে ইআরও ও এইআরও-দের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফলে নির্ধারিত সময়ের মধ্যে শূন্যপদ পূরণ করা সম্ভব হবে কি না, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। নির্বাচনের আগেই এসএইআর এসে পড়লে তা যে রাজ্যের প্রশাসনিক পরিকাঠামোকে বড়সড় পরীক্ষার মুখে ফেলবে, তা বলাই বাহুল্য। এখন দেখার রাজ্য কী পদক্ষেপ করে।

About Post Author