Home » ম্যাজিশিয়ানের নাম ব্যাগদাদু, দিনবদলের আশ্চর্য রূপকথা

ম্যাজিশিয়ানের নাম ব্যাগদাদু, দিনবদলের আশ্চর্য রূপকথা

সানি রায়, সময় কলকাতা: কিছু কিছু মানুষের জাদুর ডালি থাকে, সেই ডালির থেকে অদৃশ্য জাদুকাঠি দিয়ে ভোজবাজির মত তাঁরা সবকিছু পাল্টে দিতে পারেন। তাঁরা দিনবদলের কারিগর। এমনই এক কারিগর পাল্টে দিয়েছেন জলপাইগুড়ির এক অখ্যাত গ্রাম টুকুরবাড়িকে। অদৃশ্য জাদুবলে গ্রামকে বদলেছেন তাই নয়, পাল্টে দিয়েছেন অর্থনীতি আর গ্রামের আর্থ-সামাজিক চিত্র। ম্যাজিশিয়ানের নাম ব্যাগদাদু ।

দিনবদলের জাদুকর দাদুর হাতের ম্যাজিকেই বদলেছে এই গ্রাম! টুকুরবাড়ির  ‘ব্যাগ দাদু’! কোথায় এই টুকুরবাড়ি? ব্যাগ দাদু-ই বা কে?

যাওয়া যাক জলপাইগুড়ি জেলায়। ময়নাগুড়ি ব্লকের চুরাভাণ্ডার এলাকার টুকুরবাড়ি…নামটা একসময় পরিচিত ছিল অভাব অনটনের গ্রাম হিসেবে। কিন্তু আজ এখানকার মহিলাদের হাতের নাগালে এসেছে নতুন রোজগারের পথ, বদলে যাচ্ছে পরিবারের অর্থনীতি। আর এই বদলের নেপথ্যে দাঁড়িয়ে একজন মানুষ। বছর পঁচাত্তরের সচান সরকার, যাঁকে গ্রামবাসীরা মমতা আর ভালোবাসায় ডাকেন ‘ব্যাগ দাদু’ বলেই। কী এমন বদল এনেছেন তিনি?

রূপকথার শুরু আজ নয়। প্রায় ৪৫ বছর ধরে সচানবাবু বাজার থেকে সংগ্রহ করা ব্যবহৃত প্লাস্টিকের চালের বস্তা দিয়ে হাতে তৈরি ব্যাগ বানান। টেকসই এই ব্যাগ পাইকারি বাজারে বিক্রি হয় ১০ টাকা দরে। দীর্ঘ অভিজ্ঞতার এই কাজ একদিন তিনি ভাগ করে নিতে চাইলেন গ্রামের মহিলাদের সঙ্গে ,আর সেই সিদ্ধান্তই বদলে দিল টুকুরবাড়ির দিনবদলের গল্প। দাদুর কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে একে একে আত্মনির্ভর হয়ে ওঠেন গ্রামের বহু মহিলা। কেউ বাড়ির উঠোনে বসে ব্যাগ বানান, কেউ আবার দল বেঁধে কাজ করেন। এখন পাইকারি ব্যবসায়ীরা নিজেরাই গ্রামে আসেন ব্যাগ কিনতে। শুধু টুকুরবাড়ি নয়, এই গ্রামের হাতের তৈরি ব্যাগ পৌঁছে গিয়েছে জলপাইগুড়ি শহর ছাড়িয়ে ধূপগুড়ির বাজারেও।

প্রভাব সুদূরপ্রসারী। ব্যাগ বিক্রি থেকে প্রতিমাসে বাড়তি টাকা আসছে মহিলাদের হাতে। কারও সংসারের খরচ হালকা হচ্ছে, কারও ছেলের পড়াশোনার খরচ জোগাচ্ছে এই আয়। আর সবচেয়ে বড় কথা…মুখে ফুটে উঠছে আত্মবিশ্বাসের হাসি। গ্রামেরই সুচতুর বর্মন বললেন, “দাদুর শেখানো কাজ না হলে আমরা এখনও বাড়ির চার দেয়ালের মধ্যেই আটকে থাকতাম। এখন নিজের আয়ের টাকায় নিজেদের সিদ্ধান্ত নিতে পারি।”

আত্মনির্ভরতার এক অনবদ্য উপন্যাস লিখছে টুকুরবাড়ি। স্বল্প পুঁজির মধ্যে গ্রামকে স্বনির্ভরতার পথে নিয়ে যাওয়ার এই অনন্য উদ্যোগ এখন টুকুরবাড়িকে সাজাচ্ছে নতুন আশার আলোয়। ‘ব্যাগ দাদু’ তাই শুধু একজন শিল্পী তো বটেই সঙ্গে একটি গোটা গ্রামের পরিবর্তনের মুখ! সত্যি যে, ম্যাজিশিয়ানের নাম ব্যাগদাদু, দিনবদলের আশ্চর্য রূপকথা তাঁর হাত ধরেই!

About Post Author