সময় কলকাতা ডেস্ক, ৩১ জানুয়ারি : কোচবিহারের শীতলকুচির দেবনাথপাড়ায় সেতু ভেঙে পড়ার একদিন পরেও চলছে রাজনৈতিক চাপানউতোর। একটি ডাম্পার পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে, তবে কোনও হতাহতের খবর নেই। তবে এই ঘটনা নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক তরজা জারি।
বিজেপির অভিযোগ
বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য অভিযোগ করেছেন যে, এই সেতু বিপর্যয় মমতা সরকারের ‘কাটমানি’ সংস্কৃতির নগ্ন বহিঃপ্রকাশ। সরকারি অর্থ আত্মসাৎ এবং নিম্নমানের নির্মাণ কাজের জন্যই সাধারণ মানুষের জীবন বিপন্ন হচ্ছে । বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, তৃণমূলের আমলে উন্নয়ন কেবল পোস্টার আর কাগজে-কলমে সীমাবদ্ধ। শীতলকুচির বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন অভিযোগ করেন যে, প্রশাসন দুর্নীতিতে ব্যস্ত থাকায় সেতু মেরামতির দিকে নজর দেয়নি। বিজেপি মাঝেরহাট সেতু, বিবেকানন্দ ফ্লাইওভার এবং উল্টোডাঙা ফ্লাইওভারের মতো আগের সেতু বিপর্যয়ের প্রসঙ্গ টেনে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছে বিজেপি।
তৃণমূলের পাল্টা বক্তব্য
তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য পাল্টা যুক্তি দিয়েছেন যে, ভেঙে পড়া সেতুটি আসলে বাম আমলে তৈরি হয়েছিল যা প্রায় ২৫-৩০ বছর পুরনো। তাই এই ঘটনার জন্য বর্তমান সরকারকে দোষারোপ করা অমূলক বিজেপি শাসিত রাজ্যের তুলনা করে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে, বিজেপি নেতারা যখন বাংলার ছোটখাটো ঘটনা নিয়ে রাজনীতি করছেন, তখন গুজরাট বা বিহারের মতো ‘ডাবল ইঞ্জিন’ রাজ্যে হওয়া বড় বড় সেতু বিপর্যয় নিয়ে তারা নীরব কেন? তৃণমূলের দাবি, বিজেপি সব কিছুতেই রাজনীতি করতে চায় এবং মানুষের আতঙ্ককে হাতিয়ার করে ভোটব্যাঙ্ক বাড়ানোর চেষ্টা করছে।।


More Stories
গাছে বেঁধে পেটানোর পাল্টা নিদান: সুকান্ত মজুমদারকে আক্রমণ তৃণমূল নেতার
ঘরভাড়ার দুহাজার টাকা বাকি, খুঁটিতে বেঁধে মারধর, চরম পথ বেছে নিলেন ভাড়াটিয়া
তৃণমূল নেতার গাড়িতে বিস্ফোরণ, উড়ল ছাদ , গাড়ি গেল দুমড়ে