সময় কলকাতা ডেস্ক, ২৮ ফেব্রুয়ারি : ইরানে ইজরায়েল ও মার্কিন হামলার পরে অশান্ত প্রায় সমগ্র মধ্যপ্রাচ্য। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি এবং দুবাই, কাতারের দোহা এবং সৌদি আরবের রিয়াদ বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে। একজনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলির একে একে তাদের আকাশসীমা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে।
সূত্রের খবর, ইরানে ইজরায়েল ও মার্কিন হামলার পরে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবি এবং দুবাই সহ পার্শ্ববর্তী দেশগুলোতে ইরানের পক্ষ থেকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তারা অত্যন্ত দক্ষতার সাথে এই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে।এই হামলাটি মূলত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের ওপর চালানো একটি যৌথ সামরিক অভিযানের (Operation Epic Fury) পাল্টা প্রতিশোধ হিসেবে দেখা হচ্ছে । একই দিনে ইরান বাহরাইন, কুয়েত এবং কাতারে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করে বার্তা দিতে চেয়েছে ইরান। আবু ধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি আবাসিক এলাকায় পড়লে এক জন এশীয় নাগরিক নিহত হন এবং কিছু অবকাঠামোগত ক্ষতি হয়। তবে সার্বিকভাবে দেশটির নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। পরিস্থিতির অবনতি ঘটায় আমিরাত কর্তৃপক্ষ সাময়িকভাবে তাদের আকাশসীমা আংশিক বন্ধ করে দেয়। এছাড়াও মার্কিন দূতাবাস তাদের কর্মীদের এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে। সবমিলিয়ে, বিশ্ব জুড়ে এক অস্থিরতা।


More Stories
আয়াতুল্লাহ খামেনি কি নিহত?
ইরানে ইজরায়েলের হামলা, ইরানের প্রত্যাঘাত
পাক -আফগান যুদ্ধ ও ভারতের অবস্থান