পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : আন্তর্জাতিক মঞ্চে আরও একবার দেশের মুখ উজ্জ্বল করল ইস্টবেঙ্গল। শক্তিশালী বিদেশী দলের বিরুদ্ধে সাফল্যের পরম্পরা ধরে রেখে আবার নতুন ইতিহাস গড়ল ইস্টবেঙ্গল। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু -এর গ্রুপ ডি-এর ম্যাচে ইস্টবেঙ্গল হারিয়ে দিল জর্ডনের আল হুসেইন এসসিকে। খেলার ৮৭ মিনিটে জয়সূচক গোলটি করলেন জিকসন সিং।
খেলার প্রথম দশ মিনিট বাদ দিলে ম্যাচে প্রাধান্য ছিল আল হুসেইনের। দ্বিতীয়ার্ধে তারা একের পর এক আক্রমণ তুলে আনে ইস্টবেঙ্গল বক্সে। এনিয়ে সন্দেহের অবকাশ নেই ইস্টবেঙ্গলের ভাগ্য এদিন অত্যন্ত সুপ্রসন্ন ছিল। ইস্টবেঙ্গলের গোল দুর্গ অক্ষত থেকে যায় ক্রসবার এবং গোলরক্ষক ফুরবা লাচেনপা-র জন্য। লাচেনপা দুর্দান্ত কিছু সেভ করলেও তাঁকে পরাস্ত করে চারবার বল ক্রসপিসে লেগে ফেরে। ইস্টবেঙ্গল ও সুযোগ পেয়েছিল। খেলার প্রথমার্ধে রামি রেজের সেন্টার থেকে জয় গুপ্তা একবার অবিশ্বাস্য গোল মিস করেন। দ্বিতীয়ার্ধে রামিরেজের শট ক্রসবারের ভেতরের অংশে প্রতিহত হয়। এই ম্যাচ ডু অর ডাই জেনে শেষ দশ মিনিট ইস্টবেঙ্গলের গোল করার রীতিমতো বাড়তি তাগিদ দেখা যায়। রাশিদের পাশ ধরে বিপিন ৮৭ মিনিটে কর্নার আদায় করে নিলে রাশিদ কর্নার নেন । সেট পিস মুভমেন্ট থেকে আল হুসেন গোলমুখে জটলা তৈরি হওয়ার মুখে সুযোগ সন্ধানী জিকসান গোলরক্ষকের বাঁ দিক দিয়ে জালে বল জড়িয়ে দেন। এই জয়ের ফলে ইস্টবেঙ্গল ৫ খেলায় ৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন্স লিগ টু-এর পরবর্তী পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল।।


More Stories
টেস্টে ছক্কার শিরোপার দৌড়ে ঋষভ
বিশ্বত্রাস সাইমন হারমার
আবার পাকিস্তান বধ! সাফ চ্যাম্পিয়ন ভারত