সানি রায়, সময় কলকাতা , ২৭ জানুয়ারি : উত্তরবঙ্গের সংরক্ষিত এলাকা ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ছে লেপার্ড বা চিতাবাঘ। বাঘের অভাবে জঙ্গল এখন অভয়ারণ্য লেপার্ড বা চিতাবাঘদের কাছে। সমীক্ষা বলছে গত এক দশকে লেপার্ড সংখ্যা উত্তরবঙ্গে তিন গুন বেড়েছে। সংরক্ষিত এলাকায় বিরল ও বন্য পশুদের অবাধ বিচরণ যেরকম লেপার্ড বা চিতা বাঘ সংরক্ষণের সাফল্য সেরকমই নতুন করে বিভিন্ন জনপদে লেপার্ড ঢুকছে। মানুষ- লেপার্ড সংঘাত-সংঘর্ষ বাড়ছে। অনেক ক্ষেত্রে পরিণতি চরম রূপ নিচ্ছে। এবার আলিপুরদুয়ারে জঙ্গল ছেড়ে জনবসতিতে ঢুকে পড়া লেপার্ড মারা পড়ল আক্রান্ত মানুষদের দলবদ্ধ আক্রমণে। অভিযোগ লেপার্ডটি মানুষজনকে বেপরোয়া ভাবে আক্রমণ করছিল। প্রাণ বাঁচাতে লেপার্ডকে পিটিয়ে মারতে হয় বলেই এলাকাবাসী বলছেন।
সূত্রের খবর,আলিপুরদুয়ারের ফালাকাটা থানার ধনিরামপুর ১ গ্রাম পঞ্চায়েতের কলি নদীর সেতুর কাছে লেপার্ডের হানায় জখম হয়েছে সাত জন। ক্ষুব্ধ জনতা পিটিয়ে মেরেছে ওই লেপার্ডকে। ঘটনাস্থলে উত্তেজনা রয়েছে।লেপার্ডের হানায় জখমদের ফালাকাটা সুপার স্পেশালিটি এবং বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা যায় এলাকায় এদিন বিকেলে লেপার্ড ঢুকে উৎপাত শুরু করে। সামনে পাওয়া সাত এলাকাবাসীকে জখম করে। এলাকায় হুলুস্থূল লেগে যায়। বাকি গ্রামবাসীদের দিকেও তেড়ে যাচ্ছিল লেপার্ডটি। সেই সময় ক্ষুব্ধ জনতা পিটিয়ে মারতে শুরু করে লেপার্ডটিকে। কিছুক্ষন পর মারা যায় লেপার্ডটি।দলগাঁও রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে লেপার্ডের মৃতদেহ উদ্ধার করে।
জলপাইগুড়ি ডিভিশনের ডিএফও ভি ভিকাশ জানান, “আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের ধনিরামপুর গ্রামে একটি লেপার্ড ঢুকে পড়েছিল। সাত জনকে আহত করেছে, তাঁদের চিকিৎসা চলছে। ঘটনাস্থলে লেপার্ডের মৃতদেহ উদ্ধার হয়েছে। সেটিকে ইচ্ছাকৃত পিটিয়ে মারা হয়েছে নাকি আত্ম রক্ষার জন্য পিটিয়ে মারা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। লেপার্ডের মৃতদেহ ময়না তদন্ত কযা হবে। “বনদফতর লেপার্ড বা চিতাবাঘের সম্ভাব্য আক্রমণ থেকে মানুষকে বাঁচাতে ও অন্যদিকে ক্ষুব্ধ মানুষের হাত থেকে লেপার্ডদের বাঁচাতে কী ব্যবস্থা গ্রহণ করে সেটাই দেখার।


More Stories
ট্রাম্পের এবার খনিজ সম্পদে ভরপুর গ্রিনল্যান্ড চাই
ভিনগ্রহী বা এলিয়েনের সঙ্গে মানুষের যৌনসঙ্গম, অপহৃত অ্যান্টিনিও ভিলাস বোয়াসের আশ্চর্য দাবি
অনুপ্রবেশকারী : অন্ধকার ও রহস্য