Home » বিশ্বকাপ থেকে ছিটকে গেল শ্রীলংকা

বিশ্বকাপ থেকে ছিটকে গেল শ্রীলংকা

Oplus_131072

সময় কলকাতা : এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেল শ্রীলংকা। নিউজিল্যান্ডের কাছে ৬১ রানে হেরে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের একটি ম্যাচ বাকি থাকতেই  বিদায় নিল শ্রীলংকা। এদিন ম্যাচের প্রথম ১৬ ওভার পর্যন্ত বোঝা যায় নি যে খেলার ফল একপেশে হতে চলেছে। নিউজিল্যান্ড ইনিংসের ১৩ তম ওভারের প্রথম বলে মিচেল ফিরে যাওয়ার সময় কিউই বাহিনীর সংগ্রহ ছিল ৬ উইকেটে ৮৪। অতঃপর সপ্তম উইকেটে হাল ধরেন অধিনায়ক স্যান্টনার ও ম্যাককঞ্চি। শেষ চার ওভারে তাঁরা ঝড় তোলেন ও শেষ চার ওভারে ৭৪ রান যোগ করেন। ৭ উইকেটে ১৬৮ রান তুলে ফাইটিং টোটাল করে ফেলে নিউজিল্যান্ড। স্যান্টনার করেন ৪৭, ম্যাককঞ্চি ৩১ রানে অপরাজিত থেকে যান। পাল্টা ব্যাট করতে নেমে প্রথম বলেই পথুম নিশাঙ্কার স্ট্যাম্প ছিটকে দেন হেনরি। অতঃপর শ্রীলংকা আর ঘুরে দাঁড়াতে পারে নি। কখনোই শ্রীলংকার কোন ব্যাটসম্যানকে পাল্টা আক্রমণ করতেও দেখা যায় নি। কামিন্দু মেন্ডিস চেষ্টা করছিলেন, তিনি ৩১ রান করে আউট হতেই কার্যত আত্মসমর্পণ করে শ্রীলংকা। কুড়ি ওভার ব্যাট করেও ৮ উইকেট খুইয়ে ১০৭ রানের বেশি তুলতে পারে নি শ্রীলংকা। ব্যাট হাতে ৩২ রান করার পাশাপাশি বল হাতে ২৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা রচিন রবীন্দ্রা। বড় ব্যবধানে এই ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠার দিকে এক ধাপ পা বাড়িয়ে রাখল নিউজিল্যান্ড। রান রেটের বিচারে নিউজিল্যান্ডকে টপকে পাকিস্তানকে সেমিফাইনাল উঠতে হলে পাকিস্তানের যেমন শ্রীলংকার বিরুদ্ধে বড় ব্যবধানে জয় লাভ দরকার তেমনই ইংল্যান্ডের বিরুদ্ধে হারতে হবে নিউজিল্যান্ডকে। নইলে গ্রুপ থেকে ইংল্যান্ডের পাশাপাশি সেমিফাইনালে পৌঁছে যাবে নিউজিল্যান্ড।।

About Post Author