পুরন্দর চক্রবর্তী ও দীপ সেন, সময় কলকাতা : আগামী সোমবার বারাসাতে কলকাতা ফুটবল লিগে মোহনবাগান ইস্টবেঙ্গলের বড় ম্যাচ। ম্যাচ শুরু বিকেল পাঁচটায়। আসন্ন ডার্বি উপলক্ষ্যে বারাসাত স্টেডিয়ামের সাজগোজ আগেই সম্পন্ন হয়েছিল, কড়া নিরাপত্তা ব্যবস্থার চূড়ান্ত প্রস্তুতিও প্রায় শেষ । বারাসাত স্টেডিয়ামের ঐতিহাসিক লগ্নের ঠিক দুদিন আগে মাঠ খতিয়ে দেখলেন বঙ্গ ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইএফএ-র সেক্রেটারি অনির্বাণ দত্ত এবং প্রশাসকরা। বারাসাতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে উপস্থিত থেকে দীর্ঘক্ষন সরেজমিনে শেষ মুহূর্তের সার্বিক প্রস্তুতি তদারকি করলেন স্বয়ং বারাসাতের বিধায়ক শঙ্কর চ্যাটার্জী । পুলিশি নিরাপত্তার বিষয়টি দেখতে হাজির ছিলেন বারাসাতের অতিরিক্ত পুলিশ সুপার দুর্বার ব্যানার্জী।
দীর্ঘ সময় মাঠ পরিদর্শনের পরে সাংবাদিক সম্মেলনে বারাসাতের বিধায়ক শঙ্কর চ্যাটার্জি জানালেন, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে বারাসাত। প্রসঙ্গত, বারাসাতে এই প্রথম সিনিয়র মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা হতে চলেছে। অতঃপর অনির্বাণ দত্ত বড় ম্যাচ সংক্রান্ত যাবতীয় তথ্য জানিয়ে বললেন, কল্যাণীতে আগে বড় ম্যাচ হলেও বারাসাতে বড় ম্যাচ করা একটা চ্যালেঞ্জ ছিল এবং সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে সঠিক ও সুষ্ঠ ভাবে তারা বড় ম্যাচ পরিচালনা করতে পারবেন বলে আত্মবিশ্বাসী। এইজন্য তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন বারাসাতের বিধায়ক এবং বারাসাত পুলিশ জেলার পুলিশ প্রশাসনকে। অতিরিক্ত পুলিশ সুপার দুর্বার ব্যানার্জী জানিয়েছেন, তারা রবিবার আলাদা করে সাংবাদিক সম্মেলন করে পুলিশি ব্যবস্থার পুঙ্খানুপুঙ্খ জানাবেন তবে তিনি একথা জানাতে ভোলেন নি যে, পুলিশে নিরাপত্তা সম্পূর্ণ এবং কুড়ি দিন ধরে পুলিশ বড় ম্যাচ নিয়ে তাদের প্রস্তুতি সারছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে স্লাড লাইট নিয়েও চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এও জানিয়ে দেওয়া হয়েছে, জল ছাতা এবং দাহ্য ও দহন সহায়ক বস্তু নিয়ে মাঠে প্রবেশ করতে দেওয়া হবে না।।


More Stories
রূপকথার ম্যাচে বদলা নিয়ে শেষ বলে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত
সাফ ফাইনালে ভারত
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ভারতের সামনে বিশাল রানের টার্গেট খাড়া করল পাকিস্তান