সময় কলকাতা, ১৪ নভেম্বর : এবার ছট পুজোয় মাংসের দোকান বন্ধের নির্দেশ পশ্চিমবঙ্গে। রামপুরহাট শহরের ঘটনা। ছটপুজো উপলক্ষ্যে বীরভূমের রামপুরহাট পুরসভা নির্দিষ্ট কয়েকটি মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পুরসভার নির্দেশ অনুযায়ী, রামপুরহাটের কোর্ট থেকে গান্ধী পার্ক যাওয়ার রাস্তার উপর থাকা প্রধানত তিনটি মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ছট পরবে ।আগামী রবিবার ও সোমবার (১৫ ও ১৬ নভেম্বর) ছট পুজো উপলক্ষে এই দোকানগুলি বন্ধ রাখতে বলা হয়েছে। এছাড়া ভবিষ্যতে খোলা রাখার সময় মাংস প্রকাশ্যে না ঝুলিয়ে লাল কাপড় বা কালো কাচের বাক্সে ঢেকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকতের বক্তব্য অনুযায়ী, ছট পুজোর সময় উপবাসী পুণ্যার্থীরা ওই রাস্তা দিয়ে ডালা নিয়ে যাতায়াত করেন। রাস্তার পাশের খোলা মাংসের দোকান থেকে জল ও রক্ত পড়ে রাস্তায় নোংরা হয়, যা পুণ্যার্থীদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে। এসডিও (SDO) ও থানার আইসি-র সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কংগ্রেস ও সিপিআইএম সহ বিরোধী দলগুলি এই নির্দেশকে তীব্র সমালোচনা করেছে। তাদের অভিযোগ, ব্যবসায়িক স্বাধীনতা ও খাদ্যাভ্যাসে অযথা হস্তক্ষেপ করা হচ্ছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।।


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের