সানি রায়, সময় কলকাতা : আধুনিক পুলিশের ব্যবস্থার জনক ব্রিটিশ রাজনীতিবিদ স্যার রবার্ট পিল যিনি ১৮২৯ সালে ব্রিটেনের স্বরাষ্ট্র সচিব থাকাকালীন তিনি লন্ডনে বিশ্বের প্রথম সুসংগঠিত ও পেশাদার পুলিশ বাহিনী বা লন্ডন মেট্রোপলিটন পুলিশ সার্ভিস প্রতিষ্ঠা করেছিলেন তাঁর অমর উক্তি “পুলিশই জনতা এবং জনতাই পুলিশ “। তিনি জনগণের সহযোগিতা আদায়ের ক্ষেত্রে কঠোরতার চেয়ে মানবিক,সদয় ও বিনয়ী আচরণকে তিনি অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে গিয়েছেন। যেন তাঁর পরামর্শ মেনে পুলিশের হার্দিক আচরণ ও আন্তরিকতার বার্তা নিয়ে খুদে শিল্পীদের পায়ে হাত দিয়ে প্রণাম করে এক পুলিশ আধিকারিক বুঝিয়ে দিলেন পুলিশ কথাটির অর্থ শুধু আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন আর অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নয়। পুলিশের পোশাকের আড়ালেও যে একটা সুন্দর মন, শ্রদ্ধা আর মানবিকতা লুকিয়ে থাকতে পারে, তারই এক অনন্য প্রকাশ ডুয়ার্সের বানারহাট থানার শ্যামা পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানে। পুলিশ আধিকারিক ভবেশ সুব্বা সেই বার্তাবাহক। তিনি বয়ে আনলেন পুলিশের হার্দিক বার্তা বানারহাটে যেখানে শিশু শিল্পীদের সামনে প্রণত হলেন তিনি। শিশু দিবসের প্রাক্কালে সম্মান, আন্তরিকতা আর ভালোবাসা ছড়িয়ে গেল বানারহাটের আকাশে বাতাসে।
শ্যামা পুজো উপলক্ষে বানারহাট থানার উদ্যোগে পাঁচ দিন ধরে চলেছিল নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে অংশ নিয়েছিল এলাকার ছোট ছোট শিশু শিল্পীরাও। নাচ, গান, আবৃত্তি-সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরেছিল তারা। অনুষ্ঠান শেষে শিল্পীদের হাতে মেডেল তুলে দিয়ে সম্মান জানানো হচ্ছিল।আর ঠিক সেই সময়ই ঘটে এক অন্যরকম ঘটনা। চামুর্চি আউট পোস্টের ওসি ভবেশ সুব্বা যখন একের পর এক খুদে শিল্পীর গলায় মেডেল পরিয়ে দিচ্ছিলেন, তখনই দেখা গেল এক অবাক করা দৃশ্য। মেডেল পরিয়ে দেওয়ার পর ওই ছোট্ট শিশুদের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন তিনি!একজন পুলিশ আধিকারিক, যাঁর কাঁধে দায়িত্বের ভার, যাঁকে মানুষ সাধারণত কঠোর প্রশাসনিক ভূমিকাতেই দেখে থাকেন, সেই মানুষটিই ছোট ছোট শিশুদের সামনে মাথা নত করছেন। সত্যিই এমন দৃশ্য সচরাচর চোখে পড়ে না।আসলে এই প্রণামের মধ্যে লুকিয়ে রয়েছে এক গভীর বার্তা। শিল্পীর বয়স ছোট না বড়, সেটা বড় কথা নয়। শিল্পের কোনও বয়স হয় না, প্রতিভার কোনও উচ্চতা-নীচু নেই। শিল্পকে সম্মান জানানো মানে শিল্পীকে সম্মান জানানো।হয়তো ভবেশ সুব্বা এই খুদে শিল্পীদের মধ্যেই মা সরস্বতীর আশীর্বাদ দেখতে পেয়েছেন। তাই তাঁদের পায়ে হাত দিয়ে প্রণাম করে বুঝিয়ে দিয়েছেন, সম্মান কখনও পদমর্যাদা কিংবা বয়স দেখে করা হয় না। এই ছবিটি শুধু একটি ছবি নয়, ভিডিওটিও শুধুমাত্র একটি মুহূর্তের দৃশ্য নয়। এটি আগামী প্রজন্মের কাছে এক সুন্দর শিক্ষা। একজন পুলিশ আধিকারিকের এমন বিনয়, শ্রদ্ধা ও মানবিকতা সত্যিই মন ছুঁয়ে যায়। প্রথম পেশাদারী পুলিশ সংস্থা গড়ে উঠেছিল ২০০ বছর আগে। আজ ২০০ বছর পরে ভারতের প্রত্যন্ত প্রান্তের পুলিশ আধিকারিক ভবেশ সুব্বা বার্তা দিলেন পুলিশিং কথার প্রধান অর্থ মানবতার মধ্য দিয়ে সমাজের ভারসাম্য রক্ষা। শিশু দিবসের ঠিক আগে মানবিকতার আশ্চর্য মায়াবী অনুশীলন পুলিশের বলে গেল অনেক না বলা কথা।।
# পুলিশের হার্দিক বার্তা বানারহাটে #বানারহাট #পুলিশ


More Stories
প্রয়াত মমতা সঙ্গী মন্ত্রী উজ্জ্বল
দুশ্চিন্তার দিন শেষ! আয়ুষ্মান কার্ড এখন হাতের মুঠোয়
আমডাঙায় ফুড প্লাজা ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে