Home » প্রাচীন ঘড়ির দোকানের টাইম হাউসে আগুন

প্রাচীন ঘড়ির দোকানের টাইম হাউসে আগুন

Oplus_131072

দীপ সেন,সময় কলকাতা : ঐতিহ্যবাহী ঘড়ির দোকানের টাইম হাউসে আগুন।সোদপুর স্টেশন সংলগ্ন এলাকায় প্রাচীন ঘড়ির দোকান টাইম হাউসে আগুন লাগার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। বুধবার সন্ধ্যার ব্যস্ততম সময়ে আগুনের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

জানা গিয়েছে, দোকানটির মালিক স্বপন পোদ্দার। সন্ধ্যা সাতটা নাগাদ জি প্লাস ওয়ান বিল্ডিংয়ের দোতলায় দোকানের অংশে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন পার্শ্ববর্তী দোকানদারেরা। তাঁরাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। একইসঙ্গে খবর দেওয়া হয় খরদহ থানা ও কামারহাটি দমকল কেন্দ্রে।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দমকল আসার সময় দোকান বন্ধ অবস্থায় ছিল। দমকলকর্মীরা শাটার কেটে ভিতরে ঢুকে আগুন নেভানোর কাজ শুরু করেন। ঘটনাস্থলে মোট ৫টি ইঞ্জিন আসে।

দমকলের তৎপরতায় একটি ঘরেই আগুন সীমাবদ্ধ থাকে, অন্য কোনো ঘরে আগুন ছড়ায়নি। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

কামারহাটি ফায়ার স্টেশনের অফিসার ইনচার্জ সৌমেন মণ্ডল জানান, সাড়ে ৭টায় কল পাওয়ার পর মাত্র ১০ মিনিটের মধ্যেই, ৭টা ৪০ মিনিট নাগাদ তাঁরা ঘটনাস্থলে পৌঁছে যান। কামারহাটি ফায়ার স্টেশন খুব কাছেই থাকায় দ্রুত পৌঁছানো সম্ভব হয়েছে। হতাহতের খবর নেই। আগুনের কারণও স্পষ্ট নয়।।

About Post Author