Home » কেমন থাকবে আজকের আবহাওয়া

কেমন থাকবে আজকের আবহাওয়া

সময় কলকাতা ডেস্ক:  রোজই কমবেশি বৃষ্টি রাজ্য জুড়ে। আপাতত দুই বঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বেশ কয়েক দিন ধরে। তবে আবহবিদরা মনে করছেন অশনির প্রভাবে এবার সময়ের আগেই বর্ষা চলে আসতে পারে রাজ্যে।

পূর্বাভাস বলছে, বুধবার মেঘাচ্ছন্ন থাকবে কলকাতার আকাশ। হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে মাঝে মাঝে রোদের দেখাও মিলবে। আগামী ২৪ ঘন্টায় বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ একাধিক জেলায়। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। এদিন, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে, ৩৬° সেলসিয়াস এবং ২৯° সেলসিয়াস।

উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার অতিভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার বেশ কয়েকটি এলাকায়। আগামী ১৮ মে পর্যন্ত এই দুই জেলায় জারি কমলা সতর্কতা। একই সঙ্গে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং সহ জলপাইগুড়িতেও চলবে বজ্র-বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি। পাশাপাশি সব জেলাতেই ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শুক্রবার থেকে পরিবর্তন হতে পারে উত্তরবঙ্গের আবহাওয়া।

অন্যদিকে সারাদিন প্যাচপেচে গরমের পর সন্ধ্যার পর থেকেই রোজ নামছে বৃষ্টি সঙ্গে থাকছে ঝোড়ো হাওয়া। সঙ্গেই বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে থাকবে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার দাপট। পুরুলিয়া, বাঁকুড়ায়, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে ঝড়ের বেগ হতে পারে ঘন্টায় ৪০-৫০ কিমি। দক্ষিনবঙ্গে বেশ কয়েকদিন তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

About Post Author