Home » গ্যাসের মূল্য বৃদ্ধির অভিনব প্রতিবাদ টাকিতে

গ্যাসের মূল্য বৃদ্ধির অভিনব প্রতিবাদ টাকিতে

সময় কলকাতা ডেস্কঃ ক্রমাগত ঊর্ধ্বমুখী পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম। এই পরিস্থিতিতে হেঁসেলে টান পড়ছে আম বাঙালির। পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্য জুড়ে দফায় দফায় চলছে বিক্ষোভ। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও লাগাতার বেড়ে চলেছে জ্বালানীর দাম। গত একমাস ধরে লাগাতার জ্বালানীর মূল্যবৃদ্ধির কারণে বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও। গত এক মাসে পরপর ২ বার দাম বাড়ল রান্নার গ্যাসের দাম। ১ মে এক ধাক্কায় ৫০ টাকা দাম বেড়ে নতুন দাম হয়েছিল ১০২৬ টাকা। ফের ৩ টাকা বেড়ে গিয়ে রান্নার গ্যাসের দাম দাঁড়াল ১০২৯ টাকা। পাশাপাশি দাম বেড়েছে বাণিজ্যিক রান্নার গ্যাসেরও। যার জেরে কপালে চিন্তার ভাঁজ সাধারণ মানুষের।

বৃহস্পতিবার বসিরহাটের টাকিতে অভিনব কায়দায় রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন টাকি পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়,ভাইস চেয়ারম্যান ফারুক গাজী,তৃণমূলের টাউন সভাপতি প্রদ্যুৎ দাস। পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম কমানোর দাবি তুলে এদিন তারা এই প্রতিবাদ কর্মসূচী শুরু করেন। পাশাপাশি বুকে প্লাকার্ড, ফেস্টুন ব্যানার বেঁধেও রাস্তার ওপর পাটকাঠি দিয়ে উনুন জ্বালিয়ে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি করা হয়। এমনকি পথচলতি মানুষদের পাটকাঠি দিয়ে আগুন জ্বালিয়ে লাল মাটির হাঁড়িতে চা তৈরি করে খাওয়ান তারা। এ বিষয়ে টাকি পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায় বলেন, ‘ লাগাতার গ্যাসের দাম বৃদ্ধি হওয়ায় তা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। পাশাপাশি সবজি বাজার থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র দাম আকাশছোঁয়া হয়ে পড়ছে। তাই আজকে এই প্রতিবাদ বিক্ষোভে টাকি পুরসভার সাধারণ নাগরিকরা সামিল হয়েছেন।

উল্লেখ্য, ফের বুধবার থেকে কলকাতা সহ দেশের সব জায়গায় বাড়ল রান্নার গ্যাসের দাম। নতুন করে দাম বৃদ্ধির জেরে কলকাতা সহ বিভিন্ন শহরতলিতে এবার থেকে রান্নার গ্যাস কিনতে হবে ১০২৯ টাকায়। ২০১৪ সালের শেষের দিকে কলকাতায় একবার রান্নার গ্যাসের দাম হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল। সে সময় রান্নার গ্যাসের ওপর ভর্তুকি থাকায় কিছুটা হলেও সুরাহা মিলেছিল গ্রাহকদের। তবে বর্তমানে লাগাতার মূল্যবৃদ্ধির জেরে কার্যত নাভিঃশ্বাস অবস্থা মধ্যবিত্তের।

About Post Author