সময় কলকাতা ডেস্কঃ লক্ষ্মী ভান্ডার কেন্দ্রিক সভাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা। এলাকায় রাস্তা নির্মাণ করে দেওয়ার অভিযোগ তুলেই চলল স্থানীয় গ্রামবাসীদের বিক্ষোভ। যার জেরে ভাঙচুর করা হয় অনুষ্ঠানের চেয়ার, টেবিল। এমনকি গ্রাম প্রধান, উপ প্রধানকে হেনস্থা পর্যন্ত করা হয়। পূর্ব বর্ধমানের মেমারি ১ নম্বর ব্লকের আমোদপুর অঞ্চলের ঘটনা।
প্রশাসন সুত্রে জানা গিয়েছে, রবিবার বিকালে আমোদপুর অঞ্চলে লক্ষীর ভাণ্ডার প্রকল্পে প্রাপকদের সম্মান প্রদর্শনের জন্য স্থানীয় মহিলা তৃণমূল কর্মীদের পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়েছিল। এই সভায় উপস্থিত ছিলেন আমোদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাধনা হাজরা এবং উপ প্রধান সহ আমোদপুর অঞ্চলের দুই মহিলা পঞ্চায়েত সদস্যা। অভিযোগ, সভা শুরুর সময়ই একদল গ্রামবাসী হঠাৎই এসে গ্রামে পাকা রাস্তা তৈরির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। এমনকি মহিলা প্রধান, উপপ্রধান ও দুই মহিলা পঞ্চায়েত সদস্যাকে হেনস্থা করা হয় বলেও অভিযোগ উঠেছে।
এ বিষয়ে স্থানীয়রা জানান,বিধায়ক বারবার প্রতিশ্রুতি দিয়েও কোনও কাজ করেনি। নির্বাচনের আগেই রাস্তা করে দেওয়ার ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু সে রাস্তা আজও হয়নি। এমনকি এদিনের এই অনুষ্ঠানে বিধায়কের আসার কথা ছিল। কিন্তু তিনি ভয়ে আসেননি। সেই কারণেই এদিন তারা বিক্ষোভ শুরু করেন।
অন্যদিকে আমোদপুর পঞ্চায়েত প্রধান জানান, গ্রামবাসীরা যে রাস্তার দাবি জানাচ্ছে সেই রাস্তার জন্য সমস্ত প্রক্রিয়াকরণ প্রস্তুত করা আছে। শুধুমাত্র সরকারি তহবিল থেকে টাকা এলেই কাজ শুরু হয়ে যাবে। পাশাপাশি মেমারি বিধানসভার বিধায়ক তথা মেমারি ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি মধূসুদন ভট্টাচার্য জানিয়েছেন, ‘গ্রামবাসীদের দাবি অন্যায় নয়, তবে দাবি আদায়ের পদ্ধতি ঠিক নয়, এটা নিন্দনীয়। কিছু টাকা আছে, বাকি টাকা সরকার থেকে পেলেই কাজ শুরু হবে।


More Stories
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বোমা-বন্দুক আনব, তৃণমূল নেতাদের গণপিটুনির হুঙ্কার দিলীপ ঘোষের
জ্ঞানেশ কুমারের অপসারণ কতটা সম্ভবপর?