Home » ইডির হাতে গ্রেফতারির অধিকার দিল সুপ্রিম কোর্ট

ইডির হাতে গ্রেফতারির অধিকার দিল সুপ্রিম কোর্ট

সময় কলকাতা ডেস্কঃ কোনও আর্থিক তছরুপের মামলায় গ্রেফতার, তল্লাশি ও সম্পত্তি বাজেয়াপ্ত করার অধিকার পেল ইডি। বুধবার এই মর্মেই রায়দান করল সুপ্রিম কোর্ট। পিএমএলএ অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং আইনের অধীনে ইডির ক্ষমতাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের করা হয়েছিল। বুধবার সেই সমস্ত মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত। একই সঙ্গে বিচারপতি এ এম খানউলকারের বেঞ্চ আরও জানিয়েছে, কোনও আর্থিক দুর্নীতি মামলায় তল্লাশি, গ্রেফতারির মত প্রয়োজনীয় পদক্ষেপ করার ছাড়পত্র দেওয়া হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে।

উল্লেখ্য, ইডি-র ক্ষমতাকে চ্যালেঞ্জ জানিয়েই আবেদনকারীরা প্রশ্ন তুলেছিলেন, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারির কোনও কারণ না জানিয়ে বা প্রমাণ না দেখিয়ে গ্রেফতার করাটা অসাংবিধানিক। বুধবার সুপ্রিম কোর্ট সেই সমস্ত আবেদনকারীদের যুক্তি নাকচ করে জানিয়েছে, এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট তথা ইসিআইআর অভিযুক্তকে দেওয়ার কোনও দরকার নেই। কারণ এই ইসিআইআর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি অভ্যন্তরীণ নথি।

অন্যদিকে ইডি, সিবিআই তদন্তের নামে বিরোধীদের নিশানা করছে মোদী সরকার, এমন অভিযোগেই বারেবারে উত্তাল হয়েছে জাতীয় রাজনীতি। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার আগে ইডি ৯ বছরে মোট ১১২টি এলাকায় তল্লাশি চালিয়েছিল। অথচ মোদি প্রধানমন্ত্রীত্ব পাওয়ার পর শেষ ৮ বছরে ৩,০১০টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে ইডি।

আবেদনকারীরা আদালতের এজলাসে লাগাতার সওয়াল করেছিলেন যে, অভিযুক্তদের উপর প্রমাণের বোঝা চাপিয়ে দেওয়ার অছিলায় তাঁদের সমতার অধিকার ও জীবনের অধিকারের মতো মৌলিক অধিকারগুলি ক্ষুন্ন হচ্ছে। কেন্দ্রের পক্ষের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জানিয়েছেন, আর্থিক দুর্নীতির শিকড় কতদূর পৌঁছেছে, তা খুঁজে বের করতে গিয়ে যদি অভিযুক্তদের উপর প্রমাণের বোঝা চাপিয়ে দেওয়া হয়, তা ন্যায়সঙ্গত। স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টের এই রায়ে আরও বেশি হাত প্রশস্ত হতে চলেছে ইডির। একেতেই তো বিরোধী শিবিরের একাধিক নেতা মন্ত্রীদের ঘরে ইডির হানায় কার্যত উত্তপ্ত জাতীয় রাজনীতি। এবার পিএমএল আইনকে হাতিয়ার করেই লাগাতার তল্লাশি, বাজেয়াপ্ত এবং গ্রেফতার করার বিষয়ে ইডির আর কোনও বাধা থাকছে না।

About Post Author