Home » ঘূর্ণিঝড় সিত্রাং নিয়ে বৈঠক আলিপুর আবহাওয়া দফতরের

ঘূর্ণিঝড় সিত্রাং নিয়ে বৈঠক আলিপুর আবহাওয়া দফতরের

সময় কলকাতা ডেস্কঃ বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় সিত্রাং। রবিবার একটি সাংবাদিক সম্মেলন করে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বাংলাদেশের তিনকোণা আইল্যান এবং সন্দীপ দ্বীপের কাছাকাছি ঘূর্ণিঝড় সিত্রাং আছড়ে পড়তে পারে। আর বরিশালের কাছাকাছি হতে পারে ল্যান্ডফল। ২৫ তারিখ অর্থাৎ মঙ্গলবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনাতে প্রবল বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। যার গতিবেগ হবে সর্বোচ্চ ঘণ্টায় ১০০ কিলোমিটার।

অন্যদিকে এই ঘূর্ণিঝড়ের কারণে দিঘার পর্যটকদের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সমুদ্র সৈকতেও রয়েছে কড়া নজরদারি৷ পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে৷ উপকূল এলাকার থানা এবং ব্লকগুলিতেও খোলা হয়েছে কন্ট্রোল রুম৷ সেইসঙ্গে নুলিয়া ও বিপর্যয় মোকাবিলা দফতরকে তৎপর থাকতে বলা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই দিঘার সরকারি স্কুলগুলিকে পরিষ্কার করে সেখানে যথেষ্ট পরিমাণে শুকনো খাবার মজুত রাখা হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে,আন্দামান সাগরের ওপর যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটি গভীর নিম্নচাপ রূপেই আন্দামান সাগরের ওপর অবস্থান করছে। এটি প্রথম অবস্থায় উত্তর-পশ্চিম দিকে ২২ তারিখ নাগাদ গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে। ২৩ তারিখ নাগাদ এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। ২৪ তারিখ এটি উত্তর দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় রূপান্তরিত হবে। এরপর ২৫ তারিখ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি আসবে। যার কারণে ২৪ এবং ২৫ তারিখ উপকূলের জেলাগুলিতে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৫ তারিখ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় বৃষ্টি হতে পারে। কলকাতা হাওড়া হুগলি এবং পূর্ব মেদিনীপুরেও রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ৮০ থেকে ১০০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইবে। পূর্ব মেদিনীপুরে ঝোড়ো হওয়ার গতিবেগ থাকবে ৬০ থেকে ৮০ কিলোমিটার। কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। এদিন উত্তর বঙ্গোপসাগরে ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার।

About Post Author