সময় কলকাতা ডেস্কঃ বিশ্বকাপের জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। রবিবার থেকে কাতারের মাটিতে শুরু হয়েছে ২২ তম বিশ্বকাপ ফুটবল। সোমবার গ্ৰুপ বি-র প্রথম ম্যাচে দোহার খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও ইরান। কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে একটা ম্যাচও না হেরে মূলপর্বে উঠে এসেছে ইংল্যান্ড। তবে ইংল্যান্ড কোচ সাউথগেটের পারফরমেন্স দিয়ে একাধিকবার সরব হতে দেখা গিয়েছিল ব্রিটিশ সংবাদমাধ্যমকে। কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচে ইতিবাচক ফুটবল খেলল হ্যারি কেন, সাকা, রাশফোর্ডরা। অন্যদিকে বিশ্বকাপকে প্রতিবাদের মঞ্চ হিসেবে বেছে নিয়েছিল ইরান। সরকার বিরোধী প্রতিবাদে জাতীয় সঙ্গীত গাওয়া থেকে নিজেদের বিরত রাখেন ইরানের ফুটবলাররা। সরকার বিরোধী পোস্টার নিয়ে স্টেডিয়ামে হাজির ছিল বহু ইরানি সমর্থক। যদিও সেই লড়াই মাঠের মধ্যে দেখাতে পারল না ইরান। গোটা ম্যাচে দাপটের সঙ্গে খেলে ইরানকে ৬-২ গোলের ব্যবধানে হারাল ব্রিটিশরা। ম্যাচের ৩৫ মিনিটে ইংল্যান্ডকে এগিয়ে দেন মিডফিল্ডার জুড বেলিংহাম। ৪৩ মিনিটে ইংল্যান্ডের হয়ে ব্যবধান বাড়ান আর্সেনালের তরুণ ফরওয়ার্ড বুকায়ও সাকা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন চেলসির উইঙ্গার রহিম স্টার্লিং। কার্যত প্রথমার্ধেই ম্যাচের দখল নিয়ে নেয় ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধেও দাপট অব্যাহত ছিল ব্রিটিশ খেলোয়াড়দের। ম্যাচের ৬২ মিনিটে ফের গোল করে দলকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেন সাকা। এরপর ইরানের হয়ে ব্যবধান কমান মেহেদী টেরেমি। ইংল্যান্ড রক্ষণের ভুলে গোল করে যান তিনি। ব্যবধান কমলেও ম্যাচের রাশ ধরতে পারেনি ইরানের ফুটবলাররা। ম্যাচের ৭১ এবং ৯০ মিনিটে ইংল্যান্ডের হয়ে পঞ্চম ও ষষ্ঠ গোল করেন ম্যাচে পরিবর্ত হিসেবে মাঠে নামা রাশফোর্ড ও গ্রিলিশ। যদিও দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময় ফের গোল করে ম্যাচের ব্যবধান কমান টেরেমি।
সোমবার গ্ৰুপ এ-র দ্বিতীয় ম্যাচে দোহার আল-থুমামা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস ও সেনেগাল। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ মুহূর্তে করা দুই গোলে আফ্রিকার সেরা দলকে হারাল নেদারল্যান্ডস। ম্যাচের শুরুতে যদিও খাতায় কলমে ভ্যান হালের দলকে এগিয়ে রেখেছিলেন ফুটবল বিশেষজ্ঞরা। দলে ভার্জিল ভ্যান ডাইক, ফ্র্যাঙ্কি ডি অং, মেম্ফিস ডিপে, মাতিয়াস ডি লিট-সহ একাধিক তারকা ফুটবলার। অন্যদিকে চোটের কারণে বিশ্বকাপের শুরুতেই ছিটকে গেছেন সেনেগালের তারকা ফুটবলার সাদিও মানে। ফলে দুর্বল সেনেগালের বিরুদ্ধে গেরুয়া ঝড়ের অপেক্ষায় ছিল ডাচ সমর্থকরা। কিন্তু এই ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলতে কার্যত কালঘাম ছুটে গেল ভ্যান হালের দলের। মেন্ডি, কৌলিবালি, কুয়াতেদের লড়াইয়ে ৮৪ মিনিট গোলশূন্য থাকে ম্যাচ। এরপর গেরুয়া বাহিনীকে এগিয়ে দেন পিএসভির তরুণ ডাচ ফরওয়ার্ড কোডি গাকপো। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে দলের হয়ে ব্যবধান বাড়ান ডেভি ক্লাসেন। এদিন ম্যাচের সেরা ডাচ ফরওয়ার্ড গাকপো।
সোমবার মধ্যরাতে গ্ৰুপ বি-র দ্বিতীয় ম্যাচে আল রায়ান স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয় ওয়েলস। হাড্ডাহাড্ডি ম্যাচ শেষ হয় অমীমাংসিত ভাবে। ম্যাচের ৩৬ মিনিটে যুক্তরাষ্ট্রের তরুণ ফরওয়ার্ড টিমোথি উইয়া। টিমোথি লাইবেরিয়ার রাষ্ট্রপতি ও প্রাক্তন ফুটবলার জর্জ উইয়ার পুত্র। ১৯৯৫ সালে জিতেছেন ব্যালন ডি’অর পুরস্কার জিতেছিলেন জর্জ। ম্যাচের ৮২ মিনিটে পেনাল্টি থেকে ওয়ালেসের হয়ে সমতা ফেরান প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেল। ম্যাচে অনেকগুলি গোলের সুযোগ তৈরী করেছিল ওয়েলস ফুটবলাররা কিন্তু আমেরিকার গোলরক্ষক ম্যাট টার্নারের দক্ষতায় ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় ওয়েলস। ম্যাচের সেরা হয় ওয়ালেসের হয়ে একমাত্র গোল করা গ্যারেথ বেল।


More Stories
জিতল লাল হলুদ,অভিষেকে ইউসেফের জোড়া গোল
পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছেঁটে ফেলতে পারে আইসিসি?
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বদলে আইসল্যান্ড? নেট- দুনিয়ায় হইচই