Home » রাজ পরিবারের ফতোয়ায় বেকায়দায় ফিফা, বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কা

রাজ পরিবারের ফতোয়ায় বেকায়দায় ফিফা, বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কা

সময় কলকাতা ডেস্কঃ ‘রাজার খেয়াল আর ভাঙ্গা দেওয়াল কোন দিকে হেলবে, কেই বা বলবে?’ এবার এই লোক প্রবাদটি সত্যি হতে চলেছে। আর ৪৮ ঘন্টা পর কাতারে শুরু হতে চলেছে ‘দ্য বিগেস্ট টুর্নামেন্ট অন দ্য আর্থ’ বা ফুটবল বিশ্বকাপ। ফুটবল বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তুঙ্গে উন্মাদনা। এর মধ্যেই মরু দেশে পাড়ি জমিয়েছে বহু ফুটবল অনুরাগী। এই ফুটবল অনুরাগীদের উপস্থিতিতে যখন কাতার বিশ্বকাপ থেকে লক্ষীলাভের আশা করছিল ফুটবলের সর্বোচ্চ নিয়মক সংস্থা তখনই জারি হল এক রাজ ফতোয়া।  আর এই ফতোয়া কপালে ভাঁজ ফেলেছে ফিফা কর্তাদের।

কাতারের রাজ পরিবারের ফতোয়ায় বলা হয়েছে, বিশ্বকাপে সব স্টেডিয়ামগুলিতে মদ বা ওই জাতীয় পানীয়র বিক্রি বন্ধ করতে হবে। কারণ মধ্য প্রাচ্যের এই দেশের আইনি ব্যবস্থা নাগরিক আইন এবং ইসলামী আইনের মিশ্রণে তৈরী। আর ইসলামে মদ্যপান সম্পূর্ণ নিষিদ্ধ। তাই টুর্নামেন্ট চলাকালীন স্টেডিয়ামে কোনও রকম অ্যালকোহল জাতীয় পানীয় ব্যবহার করা যাবেনা।

শুধু তাই নয় দর্শকদের পোশাকের ক্ষেত্রেও জারি করা হয়েছে ফতোয়া। কোনও মহিলা দর্শক শরীরের অঙ্গ উন্মুক্ত পোশাক পরে খেলা দেখতে যেতে পারবেন না। বিশ্বকাপে প্রায়শই দেখা যায় অনেক দর্শকের যৌন আবেদনময়ী পোশাক ক্যামেরার দৃষ্টি আকর্ষণ করে। কাতারের রাজ পরিবার সেই পোশাকের ক্ষেত্রেও জারি করেছে নিষেধাজ্ঞা। এই ধরণের পোশাক ব্যবহার করে মাঠে গেলে কঠোরতম শাস্তির কথা ঘোষণা করা হয়েছে রাজ পরিবারের পক্ষ থেকে।

রাজ পরিবারের ফতোয়া সরাসরি প্রত্যাখ্যান করা সম্ভব নয় বিশ্বকাপের আয়োজকদের। তাঁরা বিকল্প পথ খুঁজতে ব্যস্ত। কাতারের রাজ পরিবারের হঠাৎ এমন খেয়ালে মাথায় হাত ফিফা কর্তাদেরও। কারণ বিশ্বকাপের অন্যতম প্রধান স্পনসর একটি বিয়ার প্রস্তুতকারক সংস্থা। রাজ-ফতোয়া পালন করার জন্য মরিয়া কাতারের আয়োজক কমিটি। স্টেডিয়ামগুলি থেকে বিয়ার প্রস্তুতকারক সংস্থার দোকান সরিয়ে দেওয়ার জন্য ফিফার উপর চাপ দিচ্ছেন তাঁরা। স্টেডিয়ামগুলিতে বিয়ার বিক্রয় না করা গেলে বিপুল অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হবে ফিফাকে।

 

কাতারের রাজা তামিম বিন হামাদ আল থানি এ নিয়ে সরাসরি কিছু না বললেও তাঁর ভাই শেখ জাসিম বিন হামাদ বিন খলিফা আল-থানি বিশ্বকাপের স্টেডিয়ামগুলিতে বিয়ার বিক্রি নিয়ে আপত্তি তুলেছেন। হামাদ আবার কাতার ফুটবল সংস্থার সভাপতি। রাজ পরিবারের আপত্তির কথা জানার পরেই নড়েচড়ে বসেছে সে দেশের প্রশাসন। বিশ্বকাপের জন্য তৈরি করা শহরের সব অস্থায়ী বিয়ারের দোকানগুলি বন্ধ করে দিয়েছে দোহার পুলিশ।

এত দিন পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ফুটবল স্টেডিয়াম ও ফ্যান-জোনে বিয়ারের অস্থায়ী দোকানগুলি থেকে খেলার শুরুর আগের এবং পরের ৩০ মিনিট বিয়ার বিক্রি করা হবে। স্টেডিয়াম চত্বরের নির্দিষ্ট জায়গায় বিয়ার পান করে গ্যালারিতে প্রবেশ করতে পারবেন দর্শকরা।  এক জন দর্শক সর্বোচ্চ  চার গ্লাস বিয়ার কিনতে পারবেন এই অস্থায়ী দোকান গুলি থেকে।  তবে এই বিয়ার কেনার ক্ষেত্রেও কিছু নিয়ম মানতে হবে দর্শকদের। কেবল বিদেশী দর্শকরাই খেলা দেখার নির্দিষ্ট টিকিট দেখিয়ে দোকানগুলি থেকে বিয়ার সংগ্রহ করতে পারবেন। কিন্তু টুর্নামেন্ট শুরুর ৪৮ ঘন্টা আগে রাজ পরিবারের নতুন ফতোয়ায় সেই ব্যবস্থাও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

About Post Author