Home » স্বাস্থ্য দফতরে নিয়োগের কমিটি বাতিল হাইকোর্টের 

স্বাস্থ্য দফতরে নিয়োগের কমিটি বাতিল হাইকোর্টের 

সময় কলকাতা ডেস্কঃ স্বাস্থ্য দফতরে নিয়োগের জন্য জেলাস্তরে গঠিত ২৮ জনের নির্বাচন কমিটি বাতিল করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। স্বাস্থ্য দফতরের নিয়োগে নিরপেক্ষতা এবং স্বচ্ছতা বজায় রাখতেই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে। এই কমিটিতে ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী এবং শাসকদলের নেতা।

হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ মঙ্গলবার জানিয়েছে যে, ২০২১ সালের ২৬ নভেম্বর স্বাস্থ্য দফতরের নিয়োগের জন্য যে নির্বাচন কমিটি গঠন করা হয়েছিল, তার মাথায় কোনও নিরপেক্ষ ব্যক্তিকে রাখা প্রয়োজন। যিনি রাজনীতির লোক নন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই বিষয়টি পুনর্বিবেচনা করা দরকার। একই সঙ্গে উচ্চ আদালতের নির্দেশ, আগামী দু’সপ্তাহের মধ্যে এই নির্বাচন কমিটি পুনর্গঠন করতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের কেন্দ্রীয় স্বাস্থ্য মিশনের ডিরেক্টরকে এই কমিটি গঠনের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বর মাসে রাজ্যের বিজ্ঞপ্তি অনুসারে এই নির্বাচন কমিটি গঠন করা হয়েছিল স্বাস্থ্য দফতরে। সেই কমিটিতে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, গৌতম দেব, চন্দ্রনাথ সিংহ, শান্তা ছেত্রী, মলয় ঘটক, অখিল গিরি, শেখ সুফিয়ানের মতো তৃণমূলের একাধিক নেতামন্ত্রী। এরপরেই কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন পীযূষ পাত্র। তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ১১,৫২১ পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে দুর্নীতি হয়ে থাকতে পারে। কেননা কমিটির বেশিরভাগ সদস্যই শাসকদলের গুরুত্বপূর্ণ নেতামন্ত্রী। ফলে স্বাস্থ্য দফতরের নিয়োগের ক্ষেত্রে বড়সড় দুর্নীতি কিংবা স্বজনপোষণ হতে পারে।

About Post Author