সময় কলকাতা ডেস্কঃ তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলের গ্রেফতারি নিয়ে তোলপাড় হয় জাতীয় রাজনীতি। গুজরাটে ভোটের ঠিক পর জয়পুর বিমানবন্দর থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে আহমেদাবাদ নিয়ে যাওয়ার ঘটনায় ফুঁসে উঠেছিল তৃণমূল। পরে অবশ্য তিনি জামিনে মুক্ত হন। মঙ্গলবার শিলংয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী সম্মেলনে মঞ্চে দেখা গেল সাকেত গোখলেকে। তাঁকে মঞ্চে এনে মমতা বললেন,’নেতা হতে হলে, এরকমই হতে হবে। ধৈর্য থাকতে হবে, সহ্য করতে হবে।’দলীয় নেতাদের প্রতি তাঁর এই বার্তাতেই স্পষ্ট, জাতীয় স্তরে আরও লড়াকু মানসিকতার কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, চলতি মাসের ৫ তারিখ,সোমবার মধ্যরাতে রাজস্থানের বিমানবন্দর থেকে তৃণমূল মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করে গুজরাট পুলিশ। এরপর ৬ তারিখ,মঙ্গলবার সকালে বিষয়টি নিয়ে টুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। টুইটে তিনি জানিয়েছেন, সোমবার রাতে দিল্লি থেকে বিমান ধরে জয়পুরে নামার পর বিমানবন্দর থেকেই তাঁকে গ্রেফতার করে গুজরাটের পুলিশ। গোখলের মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। তিনি শুধু নিজের মাকে ফোন করতে পেরেছিলেন। তৃণমূলের জাতীয় মুখপাত্রকে এভাবে গ্রেফতারির কারণ হিসেবে ডেরেক ও ব্রায়েন টুইটে জানান, অক্টোবরে গুজরাটের মোরবিতে সেতু বিপর্যয়ের জেরে সাকেত গোখলে একটি টুইট করে গুজরাট প্রশাসনের ভূমিকার কড়া সমালোচনা করেছিলেন। তারপরেই গোখলের বিরুদ্ধে আহমেদাবাদ সাইবার সেলে অভিযোগ দায়ের হয়। পুলিশ সেই মামলায় সাকেত গোখলেকে গ্রেফতার করেছে। ডেরেকের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসাকে অন্যমাত্রায় নিয়ে যাচ্ছে বিজেপি।

এরপর ৮ তারিখ,বৃহস্পতিবার জামিন পাওয়ার পরই নতুন করে তাঁকে ফের গ্রেফতার করা হয়েছিল। জানা গিয়েছে, মোরবি পুলিশের দায়ের হওয়া একটি অভিযোগের ভিত্তিতে গোখলে কে গ্রেফতার করা হয়েছিল। ইতিমধ্যেই তৃণমূলের নেতা এবং রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন সাকেত গোখলের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে একটি টুইট করে লিখেছিলেন.’জামিনের পরেও সাকেত গোখলেকে হয়রানি করছে গুজরাট পুলিশ। ৮ ডিসেম্বর রাত ৮.৪৫ মিনিটে ফের তাঁকে গ্রেফতার করা হয়েছে। আহমেদাবাদ সাইবার থানা থেকে বেরনোর সময় কোনও নোটিশ ছাড়াই তাঁকে গ্রেফতার করা হয়েছে।’ ইতিমধ্যেই দুটি মামলাতেই জামিন পেয়েছেন গোখলে।
উল্লেখ্য, গুজরাটের মোরবি সেতু ভাঙা নিয়ে বিতর্কিত টুইটের জেরে ৫ ডিসেম্বর মধ্যরাতে তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেপ্তার করেছিল গুজরাট পুলিশ। একটি আরটিআই-এর কপি সম্বলিত টুইট শেয়ার করে সাকেত দাবি করেছিলেন, মোরবির সেতুভঙ্গের পর মোদির গুজরাট সফরে খরচ হয়েছে ৩১ কোটি টাকা। কিন্তু এই তথ্যকে ভুয়ো বলে দাবি করে গুজরাট পুলিশ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি