সময় কলকাতা ডেস্ক, ৬ জানুয়ারিঃ দেশকে হকি বিশ্বকাপ জেতাতে পারলেই কোটিপতি হবেন ভারতীয় হকি দলের সদস্যরা। বিশ্বকাপ শুরুর প্রাক্কালে বড় ঘোষণা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।

বৃহস্পতিবার রৌরকেল্লার বীরসা মুন্ডা হকি স্টেডিয়াম কমপ্লেক্সে বিশ্বকাপ ভিলেজের উদ্বোধন করেন ওড়িশার মুখ্যমন্ত্রী। ভিলেজটি মাত্র ন’মাসের মধ্যে প্রস্তুত করা হয়েছে। আসন্ন হকি বিশ্বকাপে খেলতে আসা দলগুলি এখানেই থাকবে। এই ভিলেজে মোট ২২৫ টি ঘর রয়েছে।

গেমস ভিলেজ উদ্বোধনের পর মনপ্রীতদের সঙ্গে অনেকটা সময় কাটাতে দেখা যায় ওড়িশার মুখ্যমন্ত্রীকে। সেখানেই হকি দলের খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফদের চ্যাম্পিয়ন হলে প্রত্যেক সদস্যকে ১ কোটি টাকা পুরস্কারের অগ্রিম প্রতিশ্রুতি দেন নবীন বাবু।

পাশাপাশি ভারতীয় পুরুষ হকি দলের সদস্যদের বিশ্বকাপের আগে শুভেচ্ছাও জানান তিনি। হকির উন্নয়নের স্বার্থে ওড়িশা সরকারের অবদানের জন্য খেলোয়াড়রাও ওড়িশার মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন।

প্রসঙ্গত, ভারতীয় হকি দলের মূল স্পনসর হল ওড়িশা সরকার। ২০১৮ থেকে ২০২৩ পর্যন্ত ভারতীয় হকি দলের সঙ্গে ওড়িশা সরকারের চুক্তি রয়েছে। ওড়িশার মুখ্যমন্ত্রী যদিও দাবি করেছেন চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আরও দশ বছরের চুক্তি নবীকরণের ব্যাপারে তিনি আশাবাদী।

এদিকে হকি বিশ্বকাপের আসর বসতে চলছে ভুবনেশ্বর ও রৌরকেল্লায়। চলতি মাসের ১৩ তারিখ থেকে শুরু হবে পুরুষদের হকি বিশ্বকাপ। অংশগ্রহণ করবে ১৬ টি দেশ। উদ্বোধনের দিনই স্পেনের বিরুদ্ধে নামছেন মনপ্রীতরা। বিশ্বকাপ চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার