Home » বঙ্গ সন্তানের গোলে ঘরের মাটিতে ফের হার ইস্টবেঙ্গলের

বঙ্গ সন্তানের গোলে ঘরের মাটিতে ফের হার ইস্টবেঙ্গলের

সময় কলকাতা ডেস্ক,১৪ জানুয়ারিঃ ফের ঘরের মাঠে এগিয়ে থেকেও হারের মুখ দেখল ইস্টবেঙ্গল। জামশেদপুর এফসির কাছে ২-১ গোলে হারল লাল হলুদ। ম্যাচ হেরে সংশয়ে ইস্টবেঙ্গলে সাহেব কোচের ভবিষ্যৎ।

শুক্রবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে জামশেদপুর এফসির মুখোমুখি হয় ইমামি ইস্টবেঙ্গল। ম্যাচ শুরুর আগে ইস্টবেঙ্গল কোচ বলেছিলেন, চাকরি টিকিয়ে রাখতে হলে, এই ম্যাচটা জিততেই হবে।

কিন্তু মাঠের মধ্যে ম্যাচ জেতার তাগিদটাই দেখা গেল না লাল হলুদ ফুটবলারদের মধ্যে। যদিও এদিন শুরুটা মন্দ হয়নি। ম্যাচের ১২ মিনিটে ক্লেটন সিলভার গোলে এগিয়ে যায় ইমামি ইস্টবেঙ্গল।

বক্সের ভিতর থেকে মাটি ঘেঁষা শট নেন নাওরেম মহেশ। সেই শট শরীর ছুঁড়ে কোনো রকমে বাঁচান জামশেদপুরের গোলরক্ষক বিশাল যাদব। ফিরতি বলে শট নিয়ে বল জালে জড়ান ক্লেটন। প্রাথমিকভাবে অফসাইড মনে হলেও গোলের নির্দেশ দেন রেফারি। গোল খেয়ে পাল্টা চাপ দিতে থাকে জামশেদপুর। ম্যাচের ১৩ মিনিট ও ১৮ মিনিটে দুটি সহজ সুযোগ চলে আসে জামশেদপুরের ফুটবলারদের কাছে। কিন্তু কাজে লাগাতে পারেননি চুকয়ু,থাংযামরা। প্রথমার্ধে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল।

দ্বিতীয়ার্ধে, চাপ বাড়াতে থাকে জামশেদপুর। দ্বিতীয়ার্ধে কয়েকটি পরিবর্তন করেন জামশেদপুর কোচ বুথরয়েড। ম্যাচের ৫৮ মিনিটে থাংযামের পরিবর্তে ঈশান পণ্ডিতা, লালডিনপুইয়ার পরিবর্তে জার্মানপ্রীত, এবং চুকউর পরিবর্তে হ্যারি সয়ারকে মাঠে নামান জামশেদপুর কোচ। তাতেই সাফল্য মেলে। ম্যাচের ৬১ মিনিটে সমতা ফেরান সয়ার।

লালডিনলিয়ানার ক্রস থেকে গোল করেন পরিবর্ত হিসেবে নামা সয়ার। নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে জামশেদপুরকে এগিয়ে দেন বঙ্গতনয় ঋত্বিক দাস। ডানদিক থেকে জার্মানপ্রীতের ক্রস থেকে বল জালে জড়ান ঋত্বিক। এই গোলের পর আর ম্যাচে ফিরতে পারেনি ইস্টবেঙ্গল। আইএসএলে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ন’ নম্বরে থাকল ইস্টবেঙ্গল। লিগ তালিকায় ইস্টবেঙ্গলের পরেই জামশেদপুর। এক ম্যাচ বেশি খেলে তাদের পয়েন্ট ৯।

About Post Author