সময় কলকাতা ডেস্ক, ২৬ জানুয়ারি: একাধিক প্রশ্নের উত্তর অমিল। বুধবার ফের ইডি দফতরে তলব করা হয় তাপস মণ্ডলকে। এদিকে, গ্রেফতারের পর থেকেই একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসে কুন্তল ঘোষের বয়ানে। ইডি সূত্রে খবর, তাপস মণ্ডলকে নিয়ে গুরুতর অভিযোগ করেছেন ধৃত কুন্তল। জেরা পর্বে ইডি আধিকারিকরা জানতে পারেন, ইডি অফিসারদের ‘সেটিং’ করতে হবে বলে লক্ষাধিক টাকা কুন্তলের কাছে দাবি করেছিলেন তাপস মণ্ডল।

১৫ অক্টোবর যখন তাপসের অফিস ও বাড়িতে ইডি অভিযান চালাচ্ছিল, ওই দিনও কুন্তলকে ফোন করে টাকা দাবি করেছিলেন তাপস। এই অভিযোগের প্রেক্ষিতে কুন্তল যে তথ্যপ্রমাণ দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে ১৫ অক্টোবর দুপুরে অনলাইনে কুন্তলের অ্যাকাউন্ট থেকে তাপসের অ্যাকাউন্টে টাকা এসেছে। যদিও মুখোমুখি জিজ্ঞাসাবাদ পর্বে এড়িয়ে গিয়েছেন তাপস , এমনটাই ইডির অভিযোগ। ইডি সূত্রে খবর, কেন ১৫ অক্টোবর টাকা চেয়েছিলেন তাপস, তা তদন্ত করে দেখা হচ্ছে। একইসঙ্গে তাপস ও কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট মারফত যে লেনদেন হয়েছিল সবটাই এখন ইডির নজরে।

ইতিমধ্যেই কুন্তল ঘোষের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে তিনটি পেন ড্রাইভ। আর এই তিনটি পেন ড্রাইভ ঘিরে বাড়ছে আরও রহস্য। সূত্রের খবর, ইডি সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নিতে পারে পেন ড্রাইভের তথ্যগুলি পুনরুদ্ধারের জন্য। ইতিমধ্যে দুজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে খবর। এর আগে জোড়া ডায়েরি উদ্ধার হয়েছিল। এখন এই ৩টি পেন ড্রাইভ থেকে উদ্ধার হতে পারে নিয়োগ দুর্নীতির আরও রহস্য, এমনটাই মনে করছে ইডির আধিকারিকরা।

প্রসঙ্গত, মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে জেরা করতেই হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের নাম উঠে আসে। বেআইনিভাবে শিক্ষক নিয়োগের নাম করে চাকরিপ্রার্থীদের থেকে ১৯ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের বিরুদ্ধে।

সুত্রের খবর, তাপস মণ্ডল ইডি আধিকারিকদের জানিয়েছেন, ৩২৫ জন শিক্ষক পদপ্রার্থীর কাছ থেকে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা নিয়েছেন কুন্তল ঘোষ। মোট ২৬০০ চাকরিপ্রার্থীর কাছ থেকে ৫০ হাজার টাকা করে তুলেছেন তিনি। এই সংক্রান্ত একাধিক নথিও তাঁর কাছে রয়েছে বলে দাবি করেছেন তাপস। একইসঙ্গে মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল জানান, কুন্তল শুধু প্রাথমিকের চাকরিপ্রার্থীদের থেকে টাকাই তোলেননি, উচ্চপ্রাথমিক,সংগঠক শিক্ষক পদে চাকরি দিতেও টাকা তুলেছেন। টাকা নেওয়ার বিষয়টি জানতে পেরেই অনেকবার কুন্তলকে টাকা ফেরত দেওয়ার কথা বলেছিলাম। কিন্তু ফেরত দেননি।’


More Stories
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ
বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিস্কৃত ঋতব্রতকে
অভিষেকের দুয়ারে ইডি