সময় কলকাতা ডেস্ক, ১৫ ফেব্রুয়ারিঃ বিবিসি-র দিল্লি ও মুম্বই দফতরে আয়কর হানার ঘটনায় সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন,‘এটা রাজনৈতির প্রতিহিংসা। আমি স্ট্রংলি কনডেম করছি। যদি বেআইনি কিছু থাকে তাহলে তো তাদের চিঠি দিয়ে জানতে চাইতে পারত। বিবিসি সরকারের বিরুদ্ধে কিছু করেছে বলে আমার মনে হয়না।’ একইসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন যে, ‘মিডিয়া যদি ওদের বিরুদ্ধে একটাও খবর করে, তাহলে ওরা পরের দিনই তার চাকরি খেয়ে নেয়।’

মঙ্গলবার সকাল থেকেই ব্রিটিশ এই সংবাদমাধ্যমের দুটি দফতরে চলেছে আয়কর দফতরের সমীক্ষা। এই তল্লাশি বা সমীক্ষা চলাকালীনই এক বিবৃতি জারি করে বিবিসি জানিয়েছে,‘আয়কর কর্তৃপক্ষ বিবিসির নয়াদিল্লি এবং মুম্বইয়ের দফতরে রয়েছে। আমরা তদন্তকারীদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছি। আশা করি দ্রুত এই পরিস্থিতির সমাধান হবে।’ ইতিমধ্যেই বিবিসি-র দিল্লি ও মুম্বইয়ের অফিসে আয়কর হানার ঘটনা নিয়ে একাধিক বিরোধী দল মুখ খুলেছে।

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে বিবিসির দিল্লি ও মুম্বই দফতরে হানা দেয় আয়কর দফতর। আয়কর দফতর সূত্রে খবর, ইচ্ছাকৃতভাবে ট্রান্সফার প্রাইসিং রুলস অমান্য করা-সহ বেশ কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। রাজনৈতিক মহলের একাংশ এই হানার পিছনের প্রধানমন্ত্রীর তথ্যচিত্রের যোগ খুঁজে পেয়েছেন। কংগ্রেস সরাসরি এই আয়কর হানাকে অঘোষিত এমার্জেন্সি বলে আখ্যা দিয়েছে। তবে বিজেপি এখনও নিজেদের দাবিতে অনড়। বিজেপির বক্তব্য, বিবিসি আসলে বিশ্বের সবচেয়ে বড় ‘ভ্রষ্ট বকওয়াস কর্পোরেশন’। তবে এই রাজনৈতিক চাপান-উতোরের মধ্যেই বিবিসি বিবৃতি দিয়ে জানাল তদন্তে সমস্ত রকম সহযোগিতা করবে তাঁরা।

উল্লেখ্য,২০০২-এর গুজরাট দাঙ্গা নিয়ে বিবিসির তৈরি তথ্যচিত্রকে ঘিরে ভারতে বিতর্ক চলছে। বিবিসি তথ্যচিত্রটি ভারতে প্রদর্শনের ব্যবস্থা না করলেও সামাজিক মাধ্যমে সেটি ছড়িয়ে পড়েছে। তথ্যচিত্রটিতে গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা এবং ভারতে মুসলিমদের দুর্দশা তুলে ধরা হয়েছে। এবিষয়ে ভারত সরকারের বক্তব্য, তথ্যচিত্রটি ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে উদ্দেশ্যমূলকভাবে তৈরি করা হয়েছে এ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে। ভারত সরকার তথ্যচিত্রটির এ দেশে প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করে বলেছে সমাজমাধ্যমেও তথ্যচিত্রটি শেয়ার করা যাবে না। ভারত সরকারের ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। সেই মামলায় সর্বোচ্চ আদালত সরকারি নিষেধাজ্ঞার উপর স্থগিতাদেশ জারির দাবি খারিজ করল সুপ্রিম কোর্ট। এদিন কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞার কারণ ব্যাখ্যা করে হলফনামা জমা করার নির্দেশ দিয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানি এপ্রিলে।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ