সময় কলকাতা ডেস্ক, ১৮ ফেব্রুয়ারি: কাঁথির সাংসদের নামেই ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে। অথচ জানেন না সাংসদ। শনিবার সকালে কাঁথির সাংসদ শিশির অধিকারীর বাড়িতে ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্কের মেচেদা শাখা থেকে একটি চিঠি আসে। এরপরই বর্ষীয়ান সাংসদ জানতে পারেন তাঁর নামে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কে। এরপরই তিনি সরাসরি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে চিঠি লিখে বিষয়টি সম্পর্কে নালিশ জানান।

রাজ্যজুড়ে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টের নালিশের মধ্যেই খোদ সাংসদের তরফেই উঠে এল নতুন অভিযোগ। কাঁথির সাংসদ শিশির অধিকারী তৃণমূলের টিকিটে জিতলেও এখন বিজেপিতে। তাঁর ছেলে শুভেন্দু অধিকারী বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা। ফলে এই ইস্যুটা যে বিজেপি হাতিয়ার করতে চাইবে সে কথা বলাই বাহুল্য। শনিবার সকালে ওই রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের তরফে চিঠি হাতে পাওয়ার পরই তাঁর নামে ভুয়ো অ্যাকাউন্টটির হদিশ পান শিশির অধিকারী। এরপরই তিনি দ্রুত ব্যবস্থা নিয়েছেন। জানা গিয়েছে তিনি প্রথমেই উকিলের সঙ্গে কথা বলেন। এরপর চিঠি লেখেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে।

সূত্রের খবর চিঠিতে তিনি লেখেন, তাঁর অনুমতি ছাড়াই এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি খোলা হয়েছে। এবং এই বিষয়ে তিনি কিছুই জানেন না। অ্যাকাউন্টটি খুলতে কোনও তথ্য বা নথিও তিনি দেননি। কে বা কারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত, তদন্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করুক কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। জানা যাচ্ছে, ওই অ্যাকাউন্টে নাম রয়েছে শিশির অধিকারীর এবং বাড়ির ঠিকানাও তাঁর বাসভবনের। পুরো বিষয় নিয়ে রহস্য তৈরি হয়েছে। যদিও এই বিষয়ে পুলিশে অভিযোগ জানানো হয়েছে কিনা সে সম্পর্কে জানা যায়নি।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি