Home » ভারতে এল আরও ১২টি চিতা, সেই কুনোর জঙ্গলেই মিলল ঠাঁই

ভারতে এল আরও ১২টি চিতা, সেই কুনোর জঙ্গলেই মিলল ঠাঁই

সময় কলকাতা ডেস্ক, ১৮ ফেব্রুয়ারি:  কয়েক মাস আগেই আফ্রিকার নামিবিয়া থেকে ৮টি চিতা আনা হয়েছিল ভারতে। ঢাক-ঢোল পিটিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই চিতাগুলি ছেড়েছিলেন মধ্যপ্রদেশের কুনোর জঙ্গলে। এবার দক্ষিণ আফ্রিকা থেকে এল আরও ১২টি চিতা। শনিবার সকালে গোয়ালিয়রের বায়ুসেনা ঘাঁটিতে ওই চিতাদের নিয়ে অবতরণ করে বায়ুসেনার গ্লোবমাস্টার বিমান (সি-১৭)। তারপর তাঁদের ছেড়ে দেওয়া হল সেই কুনোর জঙ্গলেই।  তবে এদিন আর প্রধানমন্ত্রী কুনোর জঙ্গলে যাননি। বরং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব ওই চিতাদের জঙ্গলে ছাড়লেন।

সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, ১২টি চিতার মধ্যে ৭টি পুরুষ এবং ৫টি মহিলা। এরা কিছুদিন কুনোর জঙ্গলের সংরক্ষিত এলাকায় নিভৃতবাসে থাকবে। এরপর সবকিছু ঠিকঠাক থাকলে তাঁদের বৃহত্তর জঙ্গলে ছাড়া হবে। সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে আসার পর ভারতের জল, জঙ্গল ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যই এই ব্যবস্থা। উল্লেখ্য, চল্লিশের দশকে ভারত থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল চিতা। ১৯৪৭ সালে শেষবার ভারতে ছত্তিশগড়ের সরগুজায় চিতার হদিশ মিলেছিল। ভারত সরকার দেশে ফের চিতা ফিরিয়ে আনতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে চুক্তি করেছে। পর্যায়ক্রমে ১০০টি চিতা আনা হবে ভারতে। এবং তা ভারতের বিভিন্ন জঙ্গলে ছাড়া হবে।

About Post Author