Home » ডার্বির আগে ছন্দে লাল-হলুদ, লিগ শিল্ড জয়ীদের হারিয়ে চমক ইস্টবেঙ্গলের

ডার্বির আগে ছন্দে লাল-হলুদ, লিগ শিল্ড জয়ীদের হারিয়ে চমক ইস্টবেঙ্গলের

সময় কলকাতা ডেস্ক,২০ ফেব্রুয়ারিঃ লিগ শিল্ড জয়ীদের হারিয়ে ছন্দে ফিরল ইস্টবেঙ্গল। রবিবার মুম্বই ফুটবল অ্যারেনাতে লিগের ফার্স্ট বয়ের মুখোমুখি হয় স্টিফেন কনস্ট্যান্টাইনের দল। এদিন দলে একটি মাত্র পরিবর্তন করেন ইস্টবেঙ্গল কোচ। জর্ডন ডোহার্টির বদলে এদিন প্রথম দলে সুযোগ পান অ্যালেক্স লিমা।

প্রথমার্ধ থেকে বল দখলের লড়াইয়ে লাল হলুদকে টেক্কা দিলেও গোল মুখ খুলতে ব্যর্থ হয় দেস বাকিংহামের দল। ম্যাচ শুরুর প্রথম ৫ মিনিটের মধ্যে ইস্টবেঙ্গল রক্ষণের দুর্বলতার সুযোগে দুবার গোলের সুযোগ পেয়ে যায় মুম্বই। কিন্তু বিপিন সিংয়ের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের ৩০ মিনিটে চাংতের দুরন্ত শট অসাধারণ দক্ষতায় বাঁচান ইস্টবেঙ্গল গোলকিপার কমলজিত সিং। প্রথমার্ধের সংযুক্তি সময়ে রলিনের শট পোস্টে লেগে ফেরে। প্রথমার্ধের ঘরের মাঠে গোল করতে ব্যর্থ হয় মুম্বই সিটি এফসি। প্রথমার্ধে মুম্বইয়ের গোল লক্ষ্য করে শট নিতে ব্যর্থ হন ক্লেটন, জার্ভিসরা।


যদিও দ্বিতীয়ার্ধের শুরুতেই চমক দেয় ইস্টবেঙ্গল। সূহেরের পাস থেকে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন মহেশ নাওরেম সিং। এরপর ইস্টবেঙ্গল রক্ষণে চাপ বাড়ায় মুম্বই। ম্যাচের ৬২ মিনিটে চাংতের গোলমুখী জোড়ালো শট বাঁচান চুংনুঙ্গা। ৬৩ মিনিটে হ্যালেন নংটুর অ্যাক্রবেটিক শট প্রতিহত করেন ইস্টবেঙ্গল গোলরক্ষক কমলজিত। দ্বিতীয়ার্ধে কয়েকটি সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন ক্লেটন, সুহেররা। ম্যাচ শেষে শাপমুক্তি হয় লাল হলুদের। আইএসএলে প্রথমবার মুম্বইয়ের দলকে হারাল ইস্টবেঙ্গল।

লিগের প্রথম দল হিসেবে ইতিমধ্যে প্লে অফে নিজেদের স্থান নিশ্চিত করেছে মুম্বই সিটি এফসি। অপরদিকে ১২ টি ম্যাচ হেরে প্লে অফের স্বপ্নভঙ্গ হয়েছে লাল হলুদের। কার্যত নিয়মরক্ষার ম্যাচে এদিন স্বস্তির জয় ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল। আর এদিন হেরেও লিগ শিল্ড জয়ের উচ্ছ্বাসে মাতলেন মুম্বইয়ের ফুটবলাররা।

About Post Author