সময় কলকাতা ডেস্ক, ২৭ ফেব্রুয়ারি: গত ১৪ ফেব্রুয়ারি টাটা গোষ্ঠী এয়ার ইন্ডিয়ার জন্য ৪৭০টি বিমানের অর্ডার দেওয়ার কথা ঘোষণা করেছিল। এর মধ্যে ২৫০টি এয়ারবাস থেকে কেনা হচ্ছে এবং বাকি ২২০টি বিমান বোয়িং কোম্পানি থেকে কিনবে টাটা গোষ্ঠী। চুক্তির মূল্য প্রায় ৭০ বিলিয়ন মার্কিন ডলার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাকর ওই অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। বলা হচ্ছে এটাই বিমান ব্যবসার ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি। এবার আরেকটি খবর শোনালো এয়ার ইন্ডিয়া। টাটার হাতে থাকা ভারতের অভ্যন্তরীণ বিমান সংস্থা ভিস্তারা এবার এয়ার ইন্ডিয়ার সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। তাতে নাম থাকবে শুধু এয়ার ইন্ডিয়ার। ফলে ভিস্তারা নামটি ভারতীয় বিমান পরিবহন ক্ষেত্রে মুছেই যাবে অচিরে।
ভিস্তারা ব্র্যান্ড নেমটি আর রাখা হবে না কেন? এর উত্তর দিয়েছেন নতুন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্ববেল উইলসন। তিনি এয়ার ইন্ডিয়া ও ভিস্তারা মিশে যাওয়ার খবর শুনিয়ে বলেন, এয়ার ইন্ডিয়া নামটাই বিশ্বজুড়ে অনেক বেশি জনপ্রিয়। তিনি জানান, এয়ার ইন্ডিয়ার সঙ্গে ভিস্তারাকে সংযুক্ত করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। আপাতত ভারতের প্রতিযোগিতা কমিশন (CCI)-এর অনুমোদনের অপেক্ষায় রয়েছে টাটা গোষ্ঠী। ক্যাম্ববেল উইলসন সংবাদ সংস্থাকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং AIX কানেক্টেরও (যা আগে এয়ারএশিয়া ইন্ডিয়া নামে পরিচিত ছিল) সংযুক্তিকরণের প্রক্রিয়া চলছে। সব মিটে গেলে এয়ার ইন্ডিয়া ভারতের তো বটেই, গোটা বিশ্বেই অন্যতম বড় বিমান পরিবহন সংস্থা হয়ে উঠবে।
৪৭০টি বিমান কেনার খরচ কোথা থেকে আসবে? এই প্রশ্নের উত্তরে এয়ার ইন্ডিয়ার CEO বলেন, অভ্যন্তরীণ ক্যাশ ফ্লো, শেয়ারহোল্ডার ইক্যুইটি এবং বিমানের বিক্রি এবং লিজব্যাক-সহ সমস্ত কিছু মিলিয়ে এই বড় অর্ডারের টাকা উঠে আসবে। আপাতত ভারতের গর্ব এয়ার ইন্ডিয়াকে বিশ্বের অন্যতম বড় আন্তর্জাতিক বিমান পরিষেবা সংস্থা হিসাবে গড়ে তুলতে চাইছে টাটা গোষ্ঠী।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
যুদ্ধের জাঁতাকলে ভারত