সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ৩ মার্চ: সদ্যই দেশকে ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন। সেই ফুটবলের রাজপুত্র লিওনেল মেসিই কিনা প্রাণনাশের হুমকির মুখে পড়লেন নিজের দেশে। শুধু তাই নয়, মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর মালিকানাধীন সুপার মার্কেটে চলল গুলি। বলা যায় ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী থাকল আর্জেন্টিনার প্রান্তিক শহর রোজারিও। যা আর্জেন্টিনা ফুটবল দলের অধিনায়ক লিওনেল মেসির জন্মস্থান। আর্জেন্টিনার সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর রাতে রোজারিওর সান্তা ফের সুপার মার্কেটে হানা দেয় একদল দুষ্কৃতি। সুপার মার্কেটটি মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর বাপেরবাড়ির মালিকানাধীন। সেখানেই এলোপাথাড়ি গুলি করে হামলা চালায় তাঁরা। মোট ১৪ রাউন্ড গুলি চালায় বন্দুকবাজরা।

তবে ঘটনাটি মধ্যরাতে ঘটায় এবং ওই সুপার মার্কেটে কোনও লোক না থাকায় কেউ হতাহত হয়নি। যাওয়ার সময় মেসির নাম করে একটি হুমকি চিঠি লিখে যায় বন্দুকবাজরা। যেই চিঠিতে লেখা রয়েছে, “আমরা তোমার জন্য প্রতীক্ষায় রয়েছি। রোজারিওর মেয়র একজন মাদক চোরাচালানকারী। তিনি তোমাকে রক্ষা করতে পারবে না”। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আর্জেন্টিনায়। প্রিয় ফুটবলারের নিরাপত্তা নিয়ে সোশ্যাল মিডিয়াতে চিন্তা প্রকাশ করেছেন মেসি ভক্তরা। জানা গিয়েছে, ঘটনার পিছনে কারা রয়েছে জানতে তদন্ত শুরু করেছে আর্জেন্টিনার ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো। সুপার মার্কেটের সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন। ইতিমধ্যে সুপার মার্কেট এলাকায় লোক চলাচল বন্ধ করা হয়েছে। আপাতত সুপারমার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

দীর্ঘ ৩৬ বছর পর লিওনেল মেসির নেতৃত্বে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। এরপর গোটা দেশের পাশাপাশি উৎসবে মাতে মেসির জন্মস্থান রোজারিও। এখনও মরশুম শেষে ছুটি কাটাতে রোজারিও যান মেসি। এমনকি নিজের প্রথম ক্লাব রোজারিওর নিউওয়েলস ওল্ড বয়েজের হয়ে খেলে ফুটবলকে বিদায় জানানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। এর মধ্যে সে দেশের প্রশাসনকে এধরনের ঘটনা চিন্তায় ফেলবে বলে মত বিশেষজ্ঞদের। কিন্তু কেন এরকম হুমকির মুখে পড়লেন স্বয়ং মেসি, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।


More Stories
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক
প্লে-অফে যেতে হলে কেকেআর-কে কী করতে হবে? কলকাতার সামনে কোন পথ খোলা?