সময় কলকাতা ডেস্ক, ৩ মার্চ: সাম্প্রতিক অতীতে চিনের সঙ্গে ভারতের যে নরম-গরম সম্পর্ক চলছে তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাও আবার সরাসরি চিনের বিদেশমন্ত্রী কিন গ্যাংকেই এ কথা সরাসরি বললেন। জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারত সফরে এসেছেন চিনের বিদেশমন্ত্রী কিন গ্যাং। বৃহস্পতিবার নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনের পার্শ্ববৈঠকে উপস্থিত ছিলেন দুই দেশের বিদেশমন্ত্রীরা। সেখানেই চিনা বিদেশমন্ত্রীকে ভারতের বিদেশমন্ত্রী সরাসরি বললেন, “আমাদের সম্পর্ক এখন স্বাভাবিক নয়”। সাউথ ব্লক সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

প্রসঙ্গত, লাদাখের গালওয়ান উপত্যকার ২০২০-র জুন মাসে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল ভারত ও চিনের সেনাদের মধ্যে। এই পর থেকেই দুই দেশের সম্পর্কে অবনতি হয়। এরপরে লাদাঘ, সিকিম ও অরুণাচল প্রদেশেও বহুবার দুই দেশের সেনা বিবাদে জড়িয়েছে। ফলে সম্পর্ক কার্যত তলানিতে ঠেকেছে। এই অবহে চিনের বিদেশমন্ত্রী কিন গ্যাং জি-২০ শীর্ষ বৈঠকে যোগ দিতে ভারতে এসেছেন। বলা যায় ২০১৯ সালের পরে আবার কোনও চিনা বিদেশমন্ত্রী ভারত সফরে এলেন।

লাদাখর প্যাংগং লেকের আশেপাশে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) পেরিয়ে ভারতীয় ভুখন্ডে চিনা ফৌজ এখনও ঘাঁটি গেড়ে বসে আছে বলে অভিযোগ। গত বছরই ফের অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্তে টহলদার ভারতীয় জওয়ানদের উপর হামলা চালিয়েছে চিনা ফৌজ। এই পরিস্থিতিতে ভারত ও চিনের সেনাবাহিনীর কোর কমান্ডারদের মধ্যে একাধিক বৈঠক হয়েছে। তাতেও কোনও সমাধান সূত্র বের হয়নি। এবার নয়াদিল্লিতে ভারত ও চিনের বিদেশমন্ত্রীর বৈঠকের দিকে তাকিয়ে সাউথ ব্লক। তবে ওয়াকিবহাল মহলের মতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে দুই দেশের সম্পর্ক যে তলানিতে তা স্পষ্ট ভাষায় চিনা বিদেশমন্ত্রীকে জানানোয় একটু চাপে পড়বে বেজিং। এখন দেখার চিনের তরফে কোনও বিবৃতি আসে।


More Stories
ভয়াবহ ভূমিধসে বিপর্যস্ত সিকিমের রিম্বি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্রিমিনাল কেস এবং প্রধানমন্ত্রীর বক্তব্য দাবি অধীরের
বিরোধীরা কিছুই করতে পারবে না বললেন দিলীপ