Home » গিল-কোহলির দাপটে তৃতীয় দিনের শেষে অ্যাডভান্টেজ ভারত

গিল-কোহলির দাপটে তৃতীয় দিনের শেষে অ্যাডভান্টেজ ভারত

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ১১ মার্চ: আমেদাবাদে বর্ডার-গাভাস্কার সিরিজের শেষ টেস্টের প্রথম দুই দিন যদি অস্ট্রেলিয়ার হয়, তাহলে তৃতীয় দিন নিঃসন্দেহে ভারতের। শনিবার ভারতের পক্ষে তিনটি ভালো দিক হয়ে থাকল। প্রথমটি হল, টেস্টে সুযোগ পেয়েই ওপেন করতে নেমে শুভমান গিল শতরান করলেন। দ্বিতীয়টি হল, টেস্টে দীর্ঘদিন রান না পাওয়া প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলিও অর্ধ শতরান করে অপরাজিত রয়েছেন। আর তৃতীয় ভালো দিক হল দিনের শেষে ভারতের স্কোরবোর্ডে বড় রান জ্বল জ্বল করছে।

প্রথম ইনিংসে ভারত এখনও ১৯১ রানে পিছিয়ে রয়েছে। হাতে আর দুদিন রয়েছে। ভারতীয় ব্যটসম্যানরা ঠিকঠাক ব্যাট করতে পারলে আমেদাবাদ টেস্ট ড্র করা সময়ের অপেক্ষা। তাহলে সিরিজ ভারতের পক্ষেই থাকবে। শনিবার স্কোরবোর্ডে বিনা উইকেটে ৩৬ রান নিয়ে ব্যাট করতে নেমেছিলেন দুই ওপেনার শুভমান গিল এবং অধিনায়ক রোহিত শর্মা। ভারত অধিনায়ক ১৭ রান করে ফিরলেও শুভমান নিজেকে মেলে ধরলেন। টেস্ট ক্রিকেটে নিজের দ্বিতীয় শতরান করলেন। এদিন ১২৮ রানের একটি ঝকঝকে ইনিংস খেললেন গিল। ১২টি বাউন্ডারি এবং একটি বিশাল ছয়ের সাজানো ছিল তাঁর ইনিংস। শেষ পর্যন্ত নাথান লিওঁর বলেই আউট হলেন ভারতীয় ওপেনার।

চেতেশ্বর পূজারা শুরুটা ভালো করেও ৪২ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন। এরপর ভারতের ইনিংস এগিয়ে নিয়ে গেলেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। টেস্ট ক্রিকেটে দীর্ঘদিন রানে না থাকা কোহলি ক্রিজে রয়েছেন ব্যক্তিগত ৫৯ রানে। তাঁকে যোগ্য সঙ্গত দিচ্ছেন রবীন্দ্র জাদেজা (১৬ রান)। শতরান করার পর দিনের শেষে শুভমান গিলকে বলতে শোনা গেল পিচ সামান্য হলেও পরিবর্তন হচ্ছে। গিলের কথায়, রাফ এড়িয়ায় বল পড়ে সামান্য হলেও ঘুরছে। তাই চতুর্থ ও পঞ্চম দিনে বল ঘুরবে। ফলে ভারত বড় রানের লিড নিতে চায়। গিলের আশা ভারত এখান থেকে ম্যাচ জিততেও পারে।

About Post Author