Home » ড্র আমেদাবাদ টেস্ট, সিরিজ জয় ভারতের

ড্র আমেদাবাদ টেস্ট, সিরিজ জয় ভারতের

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ১৩ মার্চ: বর্ডার গাভাস্কার ট্রফির শেষ টেস্ট প্রত্যাশামতোই ড্র হল। আমেদাবাদের পাটা উইকেটে দুই দলই ব্যাটিং উৎকর্ষতা দেখিয়ে ঝুড়ি ঝুড়ি রান করল। স্পিনাররা পিচ থেকে কোনও সুবিধাই পেলেন না। ফলে নিস্ফলা থাকল আমেদাবাদ টেস্ট। কিন্তু তাতে কিছু গেল এল না ভারতের। সিরিজ জিতল ভারতই। বর্ডার গাভাস্কার টেস্টের প্রথম দুই টেস্ট নাগপুর ও দিল্লিতে জিতেছিল ভারত। ইন্দোরে ঘুরে দাঁড়িয়েছিল অস্ট্রেলিয়া। ফলে আমেদাবাদে অজিরা জিতলেই সিরিজ ভাগাভাগি করতে হতো দুই দেশকে। কিন্তু ভারতীয় ব্যাটসম্যানদের সৌজন্যে তা হল না। ভারত সিরিজ জিতল ২-১ ব্যবধানে।

পঞ্চম দিনের শুরুতে ৮৮ রানে পিছিয়ে ছিল অস্ট্রেলিয়া। এরপর ট্রেভিস হেডের দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে ১৫৭ রান তুলে নেয় অজিরা। কিন্তু সময় কমে আসায় দুই দলের অধিনায়ক ঠিক করেন ম্যাচের ইতি টানবেন। চতুর্থ টেস্টে বেশ কয়েকটি শতরান হল। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে সেঞ্চুরি করেন উসমান খোয়াজা (১৮০ রান) ও ক্যামরন গ্রীন (১১৪ রান)। ভারতের প্রথম ইনিংসে সেঞ্চুরি করলেন শুভমান গিল (১২৮ রান) ও প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি (১৮৬ রান)। ম্যাচের সেরাও হলেন বিরাট কোহলি এবং সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন রবীন্দ্র জাদেজা। উল্লেখ্য, এই টেস্ট ড্র হলেও ভারত কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছে। রোহিত শর্মারা অ্যাডিলেটে ফাইনাল খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই।

About Post Author