স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৭ এপ্রিল: মোহনবাগান আগেই সুপার কাপ থেকে ছিটকে গিয়েছে। এবার বিদায় নিল পড়শি ক্লাব ইস্টবেঙ্গল। সুপার কাপে সেমিফাইনালে পৌঁছতে হলে এই ম্যাচে আইজলকে বড় ব্যবধানে হারাতে হত লাল হলুদ বাহিনীকে। অপরদিকে তাকিয়ে থাকতে হত হায়দরাবাদ বনাম ওড়িশা ম্যাচের দিকেও। কিন্তু প্রথম পরীক্ষাতেই ডাহা ফেল করল কলকাতার অন্যতম ঐতিহ্যশালী ক্লাব। এইজল এফসির বিরুদ্ধে ২-২ গোলে ম্যাচ অমীমাংসিত রেখেই কেরালা ছাড়তে হচ্ছে ক্লেটনদের।

এদিনও প্রথমে এগিয়ে গিয়ে গোল হজম করল লাল হলুদ। ম্যাচ শুরুর প্রথম আধঘন্টার মধ্যে ২-০ গোলে এগিয়েও গিয়েছিল গঙ্গাপাড়ের ক্লাব। ১৬ মিনিটে বাঁ দিকে থাকা সুমিত পাসিকে বাড়ানো নাওরেমের বল আইজল গোলরক্ষকের গায়ে লেগে জালে জড়িয়ে যায়। ম্যাচের ২১ মিনিটে ফের সুমিত পাসির করা গোলে ব্যবধান বাড়ায় লাল হলুদ। ডান দিক থেকে ভেসে আসা ক্রসে হেড করে গোল করেন পাসি।
কিন্ত গোল করেই তো আর ম্যাচ জেতা যায় না। ম্যাচ জিততে গেলে গোলাগুলিকে ধরে রাখতে হয়। আর এগিয়ে গিয়ে গোল খাওয়া রোগে চলতি মরশুমে প্রায়ই আক্রান্ত হতে দেখা গিয়েছে স্টিভেন কনস্ট্যানটাইন বাহিনীকে। এদিনও তাঁর ব্যতিক্রম হল না।
দুই গোল হজম করে দমে না গিয়ে পাল্টা ইস্টবেঙ্গল অর্ধে আক্রমণ শুরু করে আইজল। বিরতির আগেই আইজলের চাপের কাছে নতি স্বীকার করে লাল হলুদ রক্ষণ। ডেভিডের পাস থেকে একটি গোল শোধ করেন রুইতিয়া। এই গোল খাওয়ার ক্ষেত্রে ইস্টবেঙ্গল গোলরক্ষককেও কিছুটা দায়ী করা যায়। তবে দ্বিতীয় গোল হজমর ক্ষেত্রে কমলজিতের ভুলের কোনো ক্ষমা হয় না। বক্স ছেড়ে বেড়িয়ে এসে ক্লিয়ার করতে গিয়ে বল জমা দেন বিপক্ষের পায়ে। গোলের সুযোগ নষ্ট করেননি ডেভিড। আইজলের হয়ে সমতা ফেরান তিনি।


More Stories
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে