Home » ‘আপাতত হাজিরা দিতে হবে না’, অভিষেককে চিঠি সিবিআইয়ের

‘আপাতত হাজিরা দিতে হবে না’, অভিষেককে চিঠি সিবিআইয়ের

সময় কলকাতা ডেস্ক,১৮ এপ্রিল: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ভিত্তিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সোমবার হাজিরার নোটিস পাঠিয়েছিল সিবিআই। তবে, সিবিআই যতক্ষণে সেই নোটিস পাঠিয়েছিল, তার অন্তত তিন ঘণ্টা আগে সুপ্রিম কোর্ট কলকাতা হাই কোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে দেয়। স্বাভাবিকভাবেই টুইটে সরব হয়ে বিজেপিকে তুলোধনা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অবশেষে মঙ্গলবার ফের অভিষেককে চিঠি দিয়ে সিবিআই জানাল যে, তাঁকে আপাতত হাজিরা দিতে হবে না। যদিও সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পরেও অভিষেককে কেন নোটিস পাঠান হল? তা নিয়েই প্রশ্ন উঠেছে। সূত্রের খবর, এ ঘটনা নিয়ে সিবিআইয়ের সদর  দফতরও বিরক্ত। তারা কলকাতা আঞ্চলিক অফিসের কাছে কৈফিয়ত চেয়েছে।


উল্লেখ্য,নিয়োগ দুর্নীতি কাণ্ডে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সোমবারই সমন পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আর সেই নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই সরব হয়েছিলেন। সিবিআইয়ের পাঠানো নোটিসটি টুইটারে পোস্ট করে বিজেপিকে তুলোধোনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বেলা ১১টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছিল অভিষেককে। এরপরই প্রশ্ন উঠেছিল, সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও কীভাবে এই নোটিস পাঠাল কেন্দ্রীয় এজেন্সি। সম্প্রতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর পর্যবেক্ষণে জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করা যেতে পারে বলে।

আরও পড়ুন    আন্তর্জাতিক মঞ্চে ৫টি সোনা জয়, সোনা জিতল অভিনেতা আর মাধবনের ছেলে

সোমবার সকালে সুপ্রিম কোর্ট সেই নির্দেশের উপর অন্তবর্তী স্থগিতাদেশ দেয়। তারপরেও এদিন দুপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস ধরায় সিবিআই। তৃণমূলের সাধারণ সম্পাদক টুইটারে লেখেন, “আমায় টার্গেট করে,হেনস্তা করার জন্যই এটা করা হয়েছে। সিবিআই আর ইডিকে দিয়ে বিজেপি যে আদালত অবমানমা করাচ্ছে, তা স্পষ্ট হয়ে গেল। আজ ১টা ৪৫ মিনিটে আমার হাতে এই সমন ধরানো হয়েছে।” নোটিসের যে ছবিটি পোস্ট করা হয়েছে, তাতে তারিখের জায়গায় ১৬ এপ্রিল থাকলেও অভিষেক যে ১৭ এপ্রিল বেলা ১.৪৫ মিনিটে নোটিসটি হাতে পেয়েছেন, তাও স্পষ্ট করে দিয়েছেন।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার কুন্তল ঘোষ, শহীদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর থেকেই গত কিছুদিন ধরে দাবি করছে যে তার উপর নানান চাপ দিচ্ছে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। কুন্তলের দাবি, ইডি অফিসাররা জোর করে তাকে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলাতে চাইছে। এ ব্যাপারে বিচারক ও হেস্টিং থানায় লিখিত অভিযোগ জানায় কুন্তল ঘোষ। গত সপ্তাহের বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, প্রয়োজনে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জেরা করতে পারবে ইডি ও সিবিআই।

নিয়োগ দুর্নীতি কান্ডের ধৃত কুন্তল ঘোষের অভিযোগের ভিত্তিতে নিম্ন আদালত কিংবা পুলিশ কোনও পদক্ষেপ করতে পারবে না,এমনটাও অন্তর্বর্তী নির্দেশ জারি করে কলকাতা হাই কোর্ট। কিছুদিন আগেই কুন্তলকে আদালতে পেশ করার সময় সংবাদ মাধ্যমের সামনে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস যুবনেতা দাবি করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তাকে দিয়ে জোর করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা করছেন। এরপর কুন্তল ঘোষ, মধ্য কলকাতার হেস্টিংস থানায় প্রেসিডেন্সি জেলের সুপারের মাধ্যমে একটি অভিযোগ দায়ের করেছিল কেন্দ্রীয় তদন্ত কারী সংস্থার বিরুদ্ধে।

About Post Author