সময় কলকাতা ডেস্ক, ১৮ এপ্রিল: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। এবার তদন্তে নেমে জীবনকৃষ্ণের আয় বহির্ভূত সম্পত্তি চক্ষু চড়ক গাছ তদন্তকারী আধিকারিকদের। এমনকী নির্বাচনী হলফনামায় যে সম্পত্তির কথা উল্লেখ করেছিলেন জীবনকৃষ্ণ, তার চেয়েও অনেক বেশি সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। সূত্রের খবর, বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার নিজের ৮ টি অ্যাকাউন্ট আর স্ত্রী টগরীর ৩ ব্যাংক অ্যাকউন্ট রয়েছে। হিসেব বলছে, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩০০ কোটি ছাড়াতে পারে। পেশায় জীবনকৃষ্ণ স্কুলের শিক্ষক। কিন্তু বিধায়ক হওয়ার ‘সুবাদে’ই কখনও বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে আর স্কুলে পড়াতে যেতে হত না। বরং মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় তিনি ব্যবসায় বেশি মন দিয়েছিলেন।

রাইস মিল থেকে শুরু করে নামে-বেনামে প্রচুর জমি, সম্পত্তির হদিশ পায় সিবিআই। জীবনকৃষ্ণবাবু ও স্ত্রী টগরীর নামে ১১টি অ্যাকাউন্টে মোট ১ কোটি ১২ লক্ষ ৯৮ হাজার ৬৩০ টাকার হদিশ পেয়েছে সিবিআই। এর মধ্যে আটটি অ্যাকাউন্ট জীবনকৃষ্ণের নিজের এবং তিনটি স্ত্রী টগরীর নামে। জীবনকৃষ্ণর একটি অ্যাকাউন্টে রয়েছে ৪০ লক্ষ ৬ হাজার ৪১২ টাকা। তাঁর স্ত্রী টগরীর নামে রয়েছে ২৭ লক্ষ ৭৬ হাজার ৩৪২ টাকা। মুর্শিদাবাদের বাইরে তিন জেলা তো বটেই, জেরা করে জামবনিতেও জমির খোঁজ পেয়েছেন বলে দাবি তদন্তকারীদের। সূত্রের দাবি, জীবনের আয় বহির্ভূত সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। খোঁজ মিলেছে একাধিক এজেন্টের নাম, মোবাইল নম্বর সহ একাধিক তথ্যও। তাঁদের সঙ্গে জীবনের কীভাবে তথ্য ও টাকাপয়সা দেওয়া নেওয়া হত, আদৌ তা হত কি না সেই সংক্রান্ত তথ্যও জীবনকে জিজ্ঞাসাবাদে মিলেছে বলে দাবি সিবিআইয়ের।
আরও পড়ুন খোঁজ মিলল তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার দ্বিতীয় মোবাইলের

নিয়োগ দুর্নীতিকাণ্ডে টানা ৬৫ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর শেষমেশ সিবিআই-এর হাতে গ্রেফতার হন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। নিয়োগ দুর্নীতিকাণ্ডে গত তিনদিন ধরে বড়ঞার এই তৃণমূল বিধায়কের বাড়িতে ম্যারাথন তল্লাশি চালায় সিবিআই। শেষে সোমবার ভোর ৫টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিকাণ্ডে অসহযোগিতা, তথ্য প্রমাণ লোপাটের মতো অভিযোগ রয়েছে। এদিন সকাল ১১ টা নাগাদ জীবনকৃষ্ণ সাহাকে নিয়ে আসা হয় নিজাম প্যালেসে। এরপরই আদালতে জীবনকৃষ্ণকে তোলা হলে জামিনের আবেদন করেন তিনি। কিন্তু আদালতে এদিন খারিজ হয়ে যায় সেই আবেদন।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার থেকে মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দেয় সিবিআই। অভিযোগ,জীবনকৃষ্ণ সাহা নাকি টাকার বিনিময় চাকরি পাইয়ে দিয়েছেন। এমনকি চাকরিপ্রার্থীদের নাম সুপারিশ করতেন বলেও সিবিআই সূত্রে খবর। এছাড়াও নিয়োগ দুর্নীতিতে জড়িত বিভিন্ন জনের মুখে উঠে এসেছে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার নাম। সূত্রের খবর, জেরা চলাকালীন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা একটি ফোন সজরে ছুড়ে ফেলেন তার বাড়ির পিছনে থাকা একটি পুকুরে।
আরও পড়ুন সিবিআই-এর হাতে গ্রেফতার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা
তারপর থেকেই ফোনের সন্ধানে ছিল সিবিআই আধিকারিকরা। সেই ফোনের খোঁজেই দিনভর তল্লাশির শেষে তৃণমূল বিধায়কের বাড়ির পিছন দিকে থাকা একটি পুকুরে পাম্প মেশিন দিয়ে জল তোলার পরিকল্পনা করেন সিবিআই আধিকারিকরা। ভোর থেকে পাম্প করে জল বের করার কাজ শুরু হয়। যদিও সেসময় পুকুর থেকে মোবাইলের খোঁজ না মিললেও জলশূন্য পুকুরে তল্লাশি চালিয়েই কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা ৬টি ব্যাগ উদ্ধার করেন। প্রাথমিক অনুমান, নথিপত্রের ফাইল অথবা নগদ টাকা রাখা রয়েছে ওই ব্যাগগুলিতে। যা থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত আরও তথ্য তদন্তকারীদের হাতে আসতে পারে বলেই মনে করা হচ্ছে।


More Stories
প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস গ্রেফতার, সরব মহুয়া
দিদি যতদিন, আমিও তাঁর পাশে ততদিন : দেব
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির