Home » প্রিমিয়ার লিগে নাটকীয় জয় লিভারপুলের,গুরুত্বপূর্ণ ম্যাচে জিতল ম্যানচেস্টারের দুই দল

প্রিমিয়ার লিগে নাটকীয় জয় লিভারপুলের,গুরুত্বপূর্ণ ম্যাচে জিতল ম্যানচেস্টারের দুই দল

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা,১ মে: প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ জিতে লিগ তালিকার পঞ্চম স্থানে নাটকীয় জয় লিভারপুলের। রবিবার ঘরের মাঠে রুদ্ধশ্বাস ম্যাচে টটেনহ্যামকে ৪-৩ গোলে হারাল য়ুরেগন ক্লপের ছেলেরা। অন্যদিকে ফুলহ্যামকে ২-১ গোলে হারিয়ে খেতাবি লড়াই জমিয়ে দিল ম্যানচেস্টার সিটি। অ্যাস্টন ভিয়াকে ১-০ গোলে হারিয়ে পরের মরশুমে চ্যাম্পিয়ন্স লিগের আশা জিইয়ে রাখল ম্যানচেস্টার ইউনাইটেড।

অ্যানফিল্ডে নাটকের পর নাটক। রবিবার ঘরের মাঠে টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হয় লিভারপুল। মরশুমের শুরুটা ভালো না হলেও শেষের দিকে ছন্দে ফিরেছে য়ুরেগন ক্লপের ছেলেরা। শেষ তিন ম্যাচে জিতে এদিন স্পার্সের বিপক্ষে নামে স্কাউসার্সরা। ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠে ঝড় তোলেন কোডি গাকপো, মহম্মদ শালাহরা। ম্যাচের বয়স তখন তিন মিনিট, ট্রেন্ট আর্নল্ডের পিন পয়েন্ট ক্রস থেকে লিভারপুলকে এগিয়ে দেন কুর্টিস জোনস। এরপর একের পর এক আক্রমনে স্পার্স রক্ষণভাগকে নাজেহাল করে দেয় লিভারপুল ব্রিগেড। প্রথম গোলের দুই মিনিট পর লিভারপুলের হয়ে ফের গোল করেন লুই দিয়াজ। এক্ষেত্রে গোলের পাসটি বাড়িয়েছিলেন ডাচ ফরওয়ার্ড কোডি গাকপো। এরপর স্পার্স শিবিরে আবার ধাক্কা দিয়ে লিভারপুলকে পেনাল্টি দেন রেফারি। পেনাল্টি থেকে জালে বল জড়াতে ভুল করেননি মিশরীয় ফরওয়ার্ড মহম্মদ শালাহ।

আরও পড়ুন  গরু পাচার মামলায় সুকন্যার গ্রেফতারি প্রসঙ্গে মুখ খুললেন অনুব্রত মণ্ডল

গত ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে গিয়েও সমতা ফেরায় রায়ান মেসনের ছেলেরা। এদিনও সেই ম্যাচের পুনরাবৃত্তি দেখল অ্যানফিল্ড। ম্যাচের ৪০ মিনিটে একটি গোল শোধ করেন হ্যারি কেন। এই গোলের ক্ষেত্রে ইভান পেরিসিচের ভূমিকার প্রশংসা করতে হয়। যেভাবে ভ্যান ডাইককে পরাস্ত করে ক্রসটি কেনের উদ্দ্যেশ্যে বাড়িয়েছিলেন কোনও প্রশংসাই তাঁর জন্য যথেষ্ট নয়। দ্বিতীয়ার্ধের পর আবার অ্যানফিল্ডের দখল নেয় সাদা নীল জার্সিধারিররা। যদিও এদিন ভাগ্য সহায় ছিল লিভারপুলের। স্পার্সের একের পর এক আক্রমন আটকে যায় লিভারপুলের পোস্টে। ম্যাচের ৭৭ মিনিটে দলের হয়ে ব্যবধান আরও কমান কোরিয়ান উইঙ্গার মিন সন। নির্ধারিত ৯০ মিনিটে ৩-২ গোলে পিছিয়ে ছিল টটেনহ্যাম। তবে সংযুক্তি সময়ে দলের হয়ে সমতা ফেরান ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রিচার্লিসন। তখন লিভারপুলের সমর্থকরাও ধরেই নিয়েছিলেন যে তিন গোলে এগিয়ে থেকেও এক পয়েন্টের আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হবে তাঁদের। কিন্তু সংযুক্তি সময়ের চার মিনিটের মাথায় খেলার হিসেব বদলে দেন লিভারপুলের পর্তুগিজ উইঙ্গার দিওগো জোতা। লুকাস মউরার শিক্ষানবীশি ভুলের সুযোগ নিয়ে ফের একবার টটেনহ্যামের জালে বল জড়িয়ে দেন। আর গোল শোধ করতে পারেননি হ্যারি কেনরা।

আর এই জয়ে প্রিমিয়ার লিগ তালিকার পঞ্চম স্থানে উঠে এল ক্লপ বাহিনী। প্রিমিয়ার লিগের অপর গুরুত্বপূর্ন ম্যাচে ম্যাচে জয় পেল ম্যানচেস্টার সিটি। ফুলহ্যামকে ২-১ গোলে হারাল পেপ গুয়ার্দিওয়ালার ছেলেরা। সিটির হয়ে এদিনও গোল করেন আর্লিং হাল্যান্ড। এছাড়াও দূরপাল্লার শটে গোল করেন জুলিয়েন আলভারেজ। এই জয়ের ফলে খেতাবি লড়াইয়ে আরও একধাপ এগিয়ে গেল গুয়ার্দিওলার দল।

অপরদিকে টটেনহ্যামের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও ড্র করে মাঠ ছাড়তে হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডকে। এদিন ঘরের মাঠে অ্যাস্টন ভিলাকে ১-০ হারাল ইউনাইটেড। রেড ডেভিলদের পক্ষে একমাত্র গোলটি করেন ব্রুনো ফার্নান্দেজ। আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগের পথে নিজেদের অনেকটাই সুরক্ষিত করে নিল এরিক টেন হ্যাগের দল।

About Post Author