Home » দলবদলের বাজারে লাল হলুদ ঝড়,চার ভারতীয় ফুটবলারের দিকে নজর ইস্টবেঙ্গলের

দলবদলের বাজারে লাল হলুদ ঝড়,চার ভারতীয় ফুটবলারের দিকে নজর ইস্টবেঙ্গলের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১ মে: আগামী মরশুমে কোচ হিসেবে কার্লেস কুয়াদ্রাতোর নাম ইতিমধ্যেই ঘোষণা করেছে ইস্টবেঙ্গল। নতুন কোচের নাম ঘোষণার দিনই দুই ভারতীয় ফুটবলারের সঙ্গেও চুক্তি পাকা করেন কর্তারা। তাঁরা হলেন চেন্নাইয়ান এফসির এডউইন ভানসপল ও ওড়িশা এফসির নন্দকুমার শেখর। তবে দলবদলের বাজারে এখানেই যে লাল হলুদ কর্তারা থামবেন না, সেই ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। ব্যর্থতা পর্ব কাটিয়ে ইস্টবেঙ্গলের নতুন করে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু হয়েছে। শতাব্দী প্রাচীন ক্লাবের অতীতের গরিমা ফিরিয়ে আনতে এবার মরিয়া ক্লাব কর্তারা।

বিগত মরশুমগুলিতে ক্লাবের সঙ্গে বিনিয়োগকারী সংস্থার সংঘাতে সেরকমভাবে দল গোছানোর কাজ করতে পারেননি তাঁরা। আইএসএলের অন্যান্য ক্লাবগুলি প্রথম সারির ফুটবলার সই করিয়ে নিলে, অবশিষ্ট ফুটবলারদের দিয়ে কাজ চালাতে হয়েছে ভারতীয় ফুটবলের অন্যতম সফল ক্লাবকে। এরফলে মাঠে যা ফলাফল হওয়ার তাই হয়েছে। তবে এবার সেই ভুল থেকে শিক্ষা নিয়ে শুরু থেকে দল গোছানোর কাজে নেমে পড়েছেন ক্লাব কর্তারা। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন ফুটবলারের দিকে নজর রয়েছে লাল হলুদের-

আরও পড়ুন   ব্যাডমিন্টনে ভারতের ইতিহাস


১) প্রভসুখন গিল: গত মরশুমে গোলকিপার নিয়ে বেশ ভুগতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। অনেক ম্যাচে ২ গোলে এগিয়েও গোলকিপারের ভুলে ম্যাচ থেকে ৩ পয়েন্ট ঘরে তুলতে পারেনি লাল হলুদ ব্রিগেড। তাই এবার নতুন গোলকিপারের খোঁজে রয়েছেন ক্লাব কর্তারা। সূত্রের খবর, কেরল এফসির এক নম্বর গোলকিপার প্রভসুখন গিলকে দলে নিতে চাইছেন ক্লাব কর্তারা। কথাবার্তাও এগিয়েছে অনেকটা।

২) হারমনজোৎ সিং খাবরা: হারমনজোৎ সিং খাবরা, নামটার সঙ্গে নিশ্চই আর পরিচয় করাতে হবে না ইস্টবেঙ্গল সমর্থকদের। দীর্ঘদিন লাল হলুদের জার্সিতে সুনামের সঙ্গে খেলেছেন এই পঞ্জাব তনয়। সূত্রের খবর, এবার এই ইউটিলিটি ফুটবলারকে ক্লাবে ফেরাতে চাইছেন ক্লাব কর্তারা। কথাবার্তাও এগিয়ে গিয়েছে অনেকটা।

৩) বিনিত রাই: জাতীয় দলের সেন্ট্রাল মিডফিল্ডার বিনীত রাইকে এনে দলের মাঝমাঠকে শক্তিশালী করতে চাইছে মশাল বাহিনী। আদতে ওড়িশা এফসির ফুটবলার বিনিত, গত মরশুমে মুম্বই সিটি এফসির জার্সি গায়ে বেশ নজর কেড়েছেন। যদিও বিনিতের সঙ্গে কথাবার্তা প্রাথমিক স্তরে রয়েছে বলেই সূত্রের খবর।

৪) ফারুখ চৌধুরী: জামসেদপুর এফসি-র ২৬ বছরের ফরওয়ার্ড ফারুখ চৌধুরী ইস্টবেঙ্গল কর্তাদের নজরে রয়েছেন। ইস্পাত নগরীর ক্লাবের সঙ্গে এই মরশুমেই চুক্তি শেষ হচ্ছে ফারুখের।এই ফরওয়ার্ডকে সই করাতে হলে কোনও ট্রান্সফার ফি দিতে হবেনা ক্লাবকে। মুম্বই সিটি, কেরল ব্লাস্টার্সের মত ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে এই ফুটবলারের।

পাশাপাশি, হায়দরাবাদ এফসির স্প্যানিশ স্ট্রাইকার জ্যাভিয়ার সিভিয়েরোর সঙ্গেও মৌখিক কথাবার্তা পাকা ইস্টবেঙ্গল কর্তাদের। ক্লাবের পক্ষ থেকে ইতিমধ্যে তাঁকে চুক্তিপত্রও পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন চুক্তিপত্রে সই পর্ব মিটে গেলেই, ক্লাবের তরফ থেকে সিভিয়েরোর নাম অফিসিয়ালি ঘোষণা করা হবে। সূত্রের খবর, এবার ক্লাব ছাড়তে পারেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ ডিফেন্ডার ইভান গঞ্জালভেজ। ইভানের ক্লাব ছাড়ার ইঙ্গিত পাওয়ার পরই নতুন বিদেশী ডিফেন্ডারের খোঁজও শুরু করে দিয়েছে ক্লাব। সব মিলিয়ে মাঠে বল গড়ানোর আগেই এবার বিপক্ষ দলগুলিকে টক্কর দিতে বদ্ধ পরিকর ক্লাব কর্তারা।।

About Post Author