Home » ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মোকা’, বাংলায় জারি সতর্কতা

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মোকা’, বাংলায় জারি সতর্কতা

সময় কলকাতা ডেস্ক,১১ মে: ইতিমধ্যে দক্ষিণ পূর্ব এবং মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘মোকা’। গত শুক্রবারই সকালে শক্তিশালী ঘূর্ণি ঝড়ে পরিণত হয়েছে। আইএমডি-র তরফে ভারতীয় উপকূলীয় অঞ্চলগুলিতে সতর্ক বার্তা জারি করা হয়েছে ইতিমধ্যে। পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলগুলিতে  বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

এনডিআরএফ-এর ২য় ব্যাটেলিয়নের এক আধিকারিক গুরুমিন্দর সিং জানান, ‘এখন অবধি মোট আটটি মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে উপকূলবর্তী  রাজ্যগুলিতে। আরও ১০০ জনকে আপদকালীন মোকাবিলার জন্য রাখা হয়েছে।’ ইন্ডিয়ান কোস্ট গার্ডের ইউনিটও সমস্ত দিক লক্ষ্য রাখছে। কলকাতার আপদকালীন নিরাপত্তার কথা মাথায় রেখে এখানেও এর আটটি দলকে নিযুক্ত করা হয়েছে। আইএমডি এর তরফ থেকে জানানো হচ্ছে যে আগামী রবিবারের মধ্যেই আছড়ে পড়তে পারে মোকা। এখনও পর্যন্ত সাইক্লোন নজরদারিতে জানা গিয়েছে, বাংলাদেশ ও মায়ানমার সীমান্তে দুপুরে ল্যান্ডফল হবে মোকার। ১৫০ থেকে ১৬০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভবনা রয়েছে সেইখানে। ল্যান্ডফলের সময় প্রায় ১৭৫ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে মোকা।

আরও পড়ুন   প্রকাশিত হল সিবিএসই দ্বাদশ শ্রেণীর ফলাফল

মৌসম ভবনের তরফে জানা গিয়েছে,  বাংলাদেশের কক্স বাজার ও মায়ানমারের কাউকপিউ বন্দরে এই সাইক্লোন সব থেকে বেশি তাণ্ডব চালাবে। ভয়ংকর রূপ নেবে এই ঝড়। বাংলাদেশ প্রশাসনের তরফ থেকেও নিরাপত্তার দিক মাথায় রেখে আপদকালীন সমস্ত পরিকল্পনা করা হয়েছে। পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং আন্দামানের উপকূলবর্তী অঞ্চলে মৎস্যজীবীদের আগামী রবিবার পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আইএমডি এর তরফে এই অঞ্চলগুলিতে এমারজেন্সি রেসকিউ সেন্টার প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন থেকে মোকার দূরত্ব শেষ পরিমাপ করা হয়েছে প্রায় ১০০০ কিলোমিটার। আগামী শনিবার থেকেই দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাত হওয়ায় সম্ভবনা রয়েছে। দীঘার সমুদ্রেও ঢেউ উত্তাল হওয়ার সম্ভবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ায় সম্ভবনা এই তিন জেলা গুলিতে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে উত্তর-পূর্বের কিছু রাজ্যকেও সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মধ্যে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, অসমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

About Post Author