Home » ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোকা’, বাংলায় জারি সতর্কতা

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোকা’, বাংলায় জারি সতর্কতা

সময় কলকাতা ডেস্ক, ১৩ মেঃ ২৪ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোকা’। যার জেরে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই মৌসম ভবনের তরফে সতর্কতা জারি করা হয়েছে। এদিকে,ঝড়-বৃষ্টির পূর্বাভাসের মধ্যেই কলকাতা সহ জেলায় জেলায় ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। তীব্র গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় রাজ্যবাসীর। শনিবার থেকেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। গুমোট আবহাওয়ার জেরে বাড়ছে ভ্যাপসা গরমও। বঙ্গোপসাগরে ক্রমশ মাথাচাড়া দিচ্ছে ঘূর্ণিঝড় ‘মোকা’। যা আছড়ে পড়বে বাংলাদেশ এবং মায়ানমার উপকূলে। যদিও সুপার সাইক্লোন ‘মোকা’ আদৌ পশ্চিমবঙ্গে আছড়ে পড়বে কিনা তা নিয়ে নিশ্চিত কোনও তথ্য নেই। তবে ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলে মোকা আছড়ে পড়লে স্বাভাবিক ভাবেই তার প্রভাব পড়বে রাজ্যে। যা শীঘ্রই নিম্নচাপে পরিণত হতে পারে। এমনকী বাংলাদেশেও এর ব্যাপক প্রভাব পড়বে বলেই হাওয়া অফিস সূত্রে খবর।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ১৪ মে মধ্যে সাইক্লোন ‘মোকা’ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। শনিবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ সকাল থেকেই কলকাতার আকাশ ঝলমলে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪৪ থেকে ৮৫ শতাংশ।

আরও পড়ুন    ছুটির দিনে বানিয়ে ফেলুন জাফরানি চিকেন, রইল রেসিপি

পূর্বাভাস বলছে, শনি এবং রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। সেইসঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে, শনিবার থেকে উত্তরবঙ্গের মালদা, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিঙেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শক্তি বাড়িয়ে ইতিমধ্যেই প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোকা। বাংলাদেশ এবং মায়ানমার উপকূলে সাইক্লোন ‘মোকা’ আছড়ে পড়ার সম্ভাবনা। মোকার প্রভাবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

About Post Author