সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ২৩ মে : পরিশ্রমের ফুল ফুটছে, ফুলের সুবাস রাজ্য ছাড়িয়ে ভিনরাজ্যে ছড়িয়ে পড়েছে । সাফল্য আসছে ফেন্সিংয়ের বিস্ময় বালিকা অরিঞ্জিতার। যার পাখির চোখ অলিম্পিকের পদক, সেই অরিঞ্জিতা এবার ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত ফেন্সিংয়ের সর্বভারতীয় স্তরে স্কুলভিত্তিক প্রতিযোগিতায় সোনা জিতে স্কুলের মুখ উজ্জ্বল করার পাশাপাশি বুঝিয়ে দিল সে কেন অনন্যা। বারাসাতের ইন্দিরা গান্ধী স্কুলের পড়ুয়া অরিঞ্জিতা দে তৃতীয় এন গার্ডে চিলড্রেন কাপে , যা কিনা সর্বভারতীয় আমন্ত্রণমূলক প্রতিযোগিতা, আরেকবার নিজের জাত চেনাল।

আরও পড়ুন : ফেন্সিং-এর কোনি অরিঞ্জিতা
১৪ বছরের মেয়ে অরিঞ্জিতা অনূর্ধ্ব ১৮ বছরের বিভাগে বেশি জোর দিয়েছিল ও সেই বিভাগেই সোনা জেতে। অনূর্ধ্ব ১৫ বিভাগেও অংশ নেয় সে, সেই বিভাগে পেয়েছে রুপো। একটি সোনা ও একটি রৌপ্য পদকে তার উৎসাহ ও আত্মবিশ্বাস বাড়লেও এখানে তার যে লক্ষ্য থেমে থাকার নয় তা আবার বরাবরের মতই জানিয়েছে। সে এর আগেও বলেছে, তার প্রাথমিক লক্ষ্য দেশের হয়ে আন্তর্জাতিক স্তরে প্রতিনিধিত্ব করা। আর এই লক্ষ্যে সে এগোচ্ছে। অরিঞ্জিতা এর আগেও চর্চায় এসেছে তার অসামান্য জেদের প্রতিফলন তার খেলায় দেখিয়ে, যা অতীতেও তাকে সাফল্য এনে দিয়েছে ।

অরিঞ্জিতার লড়াইয়ের কাহিনীর প্রথম দিন থেকে প্রতিকূলতার বেশ কিছু অধ্যায় ছিলই । খুব ছোট্ট বয়সে ক্যারাটে প্রতিযোগিতায় জাতীয় স্তরে সর্বোচ্চ পদক এনেছিল অরিঞ্জিতা। অথচ ক্যারাটে খেলে অলিম্পিকে যাওয়ার স্বপ্ন দেখা সম্ভব ছিল না।উল্লেখ্য,ক্যারাটে অলিম্পিকের ক্রীড়া তালিকায় নেই। ফলে তার স্বপ্ন দেখার চোখ সুদূরপ্রসারী ও তাই অলিম্পিককে পাখির চোখ করে সে। ফেন্সিংয়ের রিংয়ে নেমে পড়ে অরিঞ্জিতা। তার সর্বক্ষণের সঙ্গী বাবা অরিন্দম দে তাঁর স্নেহের হাত রেখে উৎসাহ জুগিয়ে চলেছেন তাকে। পিতার ছত্রছায়া থাকা কন্যা যেভাবে নিষ্ঠাভরে পরিশ্রম করছে তা তার অভিধান থেকে অসাধ্যকে দূরে সরাচ্ছে। ব্যাঙ্গালোরে ফেন্সিংয়ের খুদে তারকা অরিঞ্জিতা আরেকবার দিল বুঝিয়ে ভিড়ে হারিয়ে যেতে সে আসে নি।
আরও পড়ুন : এবার আইপিএলে মোহিত করছেন মোহিত শর্মা


More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত