Home » কয়লা পাচার মামলায় ফের অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিস ইডি-র

কয়লা পাচার মামলায় ফের অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিস ইডি-র

সময় কলকাতা ডেস্ক,৬ জুনঃ  অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার সন্তানদের নিয়ে দুবাই যাচ্ছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। তবে, বিমানবন্দরে আটকে দিয়েছিল অভিবাসন দফতর। বেশ কিছুক্ষণ রুজিরাকে ওয়েটিং রুমে বসিয়ে রাখার পর বাড়ি ফিরিয়ে দেওয়া হয়। তারপরই জানা গেল, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠিয়েছে ইডি। আগামী ৮ জুন বৃহস্পতিবার রুজিরাকে তলব করেছে ইডি। সূত্রের খবর, কয়লা পাচার মামলার তদন্ত সূত্রে রুজিরাকে ডেকে পাঠানো হয়েছে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। জানা গিয়েছে,ইডির একটি মামলায় রুজিরার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি হয়েছে। কার্যত সেকারণেই তাঁর বিদেশ যাওয়ার ক্ষেত্রে বাধা রয়েছে।

যদিও ইডির ওই মামলায় অভিষেক ও রুজিরাকে রক্ষাকবচ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে তাঁদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোনও আইনি জটিলতা নেই। কিন্তু তারপরেও রুজিরাকে বিমানবন্দরে বাধা দেওয়া হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিষেক আইনি পদক্ষেপ করতে পারেন বলেই তৃণমূল সূত্রের খবর। উল্লেখ্য, গত বছর ২৩ জুন রুজিরাকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেদিন দেখা গিয়েছিল ছোট ছেলেকে কোলে নিয়ে ইডি দফতরে হাজিরা দিতে গিয়েছেন তিনি। এর আগে রুজিরার বোন তথা অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকেও বিমানবন্দর থেকে ফিরিয়ে দিয়েছিল অভিবাসন দফতর। তারপর মেনকাকেও সিজিওতে হাজিরার নোটিস দিয়েছিলেন ইডি কর্তারা। বিমানবন্দর সূত্রে বলা হচ্ছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরের একটি মামলায় রুজিরার বিরুদ্ধে লুক আউট নোটিস রয়েছে। সেই কারণেই তাঁকে বিমানবন্দরে আটক করা হয়েছে।

আরও পড়ুন   ‘বালেশ্বরের ট্রেন দুর্ঘটনার নেপথ্যে তৃণমূল’, বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর

ইতিমধ্যেই রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বিদেশযাত্রায় ‘বাধা’ দেওয়া নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছে শাসক দল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, ‘রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা গোটা বিষয়টি বিস্তারিত ভাবে দেখছেন। তবে রাজনৈতিক লড়াইয়ে না পেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ ও তাঁর পরিবারকে হেনস্থা করা হচ্ছে।’


প্রসঙ্গত, কয়লা পাচার কাণ্ডের গত বছরেও বেশ কয়েকবার অভিষেক এবং রুজিরাকে দিল্লিতে তলব করেছিল ইডি। কিন্তু সেসময় ছোট ছেলেকে কলকাতায় রেখে তাঁর পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছিলেন রুজিরা। তবে, সেই আবেদন শোনেনি ইডি। দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়ে কোনও সুরাহা না মেলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়েছিলেন অভিষেক-রুজিরা। শেষে সুপ্রিমকোর্ট নির্দেশ দেয়, কলকাতাতে থেকে রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। আদালতের এই নির্দেশের পরেই গত বছরই প্রথমবার কলকাতার সিজিও কমপ্লেক্সে রুজিরাকে তলব করে ইডি। গত বছর তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রুজিরাকে প্রায় সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী দল। তারপরেই ফের ইডির তলব রুজিরাকে।

About Post Author