স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩ জুলাই: ভারতীয় ফুটবলে ক্রমশ বাড়ছে অস্ট্রেলিয়ার ফুটবলারদের কদর। জেসন কামিংসের মত অস্ট্রেলিয়ার বিশ্বকাপারকে দলে নিয়ে চমক দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস। দলবদলের বাজারে সব কিছু ঠিক থাকলে আগামী মরশুমে মোহনবাগানের ফরওয়ার্ড লাইনে দেখা যাবে কামিংস-পেত্রাতোস অজি জুটিকে। অস্ট্রেলিয়ার ফুটবলার নেওয়ার লড়াইয়ে এবার মোহনবাগানের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলও। ইতমধ্যে চার বিদেশী চূড়ান্ত লাল হলুদে।

গত মরশুমে ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম সর্বোচ্চ গোলদাতা ব্রাজিলিয়ান ক্লেইটন সিলভাকে রেখে দিয়েছে ক্লাব। এরসঙ্গে দলের ধার বাড়াতে সই করানো হয়েছে তিন স্পেনিশ তারকা জেভিয়ের সিভেরিও, সাউল ক্রেসপো ও বোরহা হেরেরাকে। ক্লাবের সঙ্গে চুক্তি থাকলেও ইভান গঞ্জালেসকে রাখা নিয়ে এখনও দ্বিধায় ক্লাব। কারণ, ইভানের পারফরম্যান্সে খুশি নয় সমর্থক থেকে ক্লাব কর্তারা। এবার ষষ্ঠ ফুটবলারের খোঁজ শুরু করল লাল হলুদ। ক্লাবের অন্দরে জোর গুঞ্জন অস্ট্রেলিয়ার এ-লিগে খেলা এক ডিফেন্ডারকে মনে ধরেছে তাঁদের।

ফুটবলারটির নাম জনাথন আসপ্রো। অস্ট্রেলিয়া লিগের পরিচিত মুখ ২৭ বছরের এই গ্রীক বংশোদ্ভূত ডিফেন্ডার। উচ্চতা প্রায় ৬ ফুট ২ ইঞ্চি। সিডনি ইউনিভার্সিটির যুব দলের হয়ে পেশাদার ফুটবল জীবন শুরু করেন। এরপর ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স, সেন্ট্রাল কোস্ট মেরিনার্স, পার্থ গ্লোরির হয়ে খেলে গত মরশুমে যোগ দেন ম্যাকআর্থার ফুটবল ক্লাবে। প্রসঙ্গত, এই সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে গত মরশুমে খেলেছেন মোহনবাগানের নতুন বিদেশী কামিংস। যদিও একই ক্লাবে খেললেও কামিংস ও জোনাথন সতীর্থ ছিলেন না। তবে বিপক্ষ দলের হয়ে কামিংসকে সামলানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। ক্লাব ফুটবলের পাশাপাশি, বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছেন জোনাথন। এই হাইপ্রোফাইল ফুটবলারকে এবার দলে পেতে আগ্রহী ইস্টবেঙ্গল ক্লাব।

গত তিন মরশুমে গোল হজমের রোগে ভুগেছে ইস্টবেঙ্গল। আইএসএল হোক বা সুপারকাপ এগিয়ে গিয়েও জেতা ম্যাচ মাঠে ফেলে আসতে হয়েছে কন্স্যান্টাইনের ইস্টবেঙ্গলকে। এবার মরশুমের শুরুতে সেই রোগ সারাতে মরিয়া লাল হলুদ শিবির। নতুন কোচ কার্লেস কুয়াদ্রতের নেতৃত্বে চলছে দলগঠনের কাজ। এখন ইস্টবেঙ্গলের লক্ষ্য এশীয় কোটার এক বিদেশী। সেই বিদেশী কি জোনাথন নাকি অন্য কেউ, তার উত্তর পেতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে সমর্থকদের।


More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত